মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিনই গ্রাহক বাড়ছে, বাড়ছে লেনদেনের পরিমাণ। প্রায় তাৎক্ষণিকভাবে বা অতিদ্রুত শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে সর্বত্রই টাকা পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় মোবাইল ব্যাংকিং দেশের ব্যাংকিং সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
সর্বশেষ তথ্য অনুসারে, ২০১৫ সালের জানুয়ারি মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা ২ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হচ্ছে ৩৭৮ কোটি টাকা।
এক স্থান থেকে টাকা আরেক স্থানে পাঠানোই কেবল নয়, দেশের অর্থনীতিতে বিরাট এক গতি সঞ্চার করেছে মোবাইল ব্যাংকিংয়ের এ সেবা। যোগ হয়েছে নতুন কর্মসংস্থান। প্রাত্যহিক লেনদেন ছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবামূল্য পরিশোধ, বেতন-ভাতা প্রদান, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স পাঠানো ইত্যাকার বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের মাধ্যম।
২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে প্রতিদিনই বাড়ছে গ্রাহক। ২০১৩ সালের নভেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা ১ কোটির মাইলফলক অতিক্রম করে। গত বছরের মার্চে তা দেড় কোটি ছাড়িয়ে যায়। আর গত সেপ্টেম্বরে ২ কোটি ছাড়ানোর পর ডিসেম্বর মাস শেষে হয় ২ কোটি ৫১ লাখ।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত জানুয়ারি শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত মোট গ্রাহক হচ্ছে ২ কোটি ৫২ লাখ ৩৬ হাজার। এর মধ্যে সচল আছে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার। আগের মাস ডিসেম্বর শেষে মোট গ্রাহক ছিল ২ কোটি ৫১ লাখ ৮৬ হাজার। সচল ছিল ১ কোটি ২১ লাখ ৫৪ হাজার। এতে করে এক মাসের ব্যবধানে মোট গ্রাহকসংখ্যা ৫০ হাজার বেড়েছে। তবে সচল হিসাব কমেছে ১১ লাখ বা ৯ দশমিক শূন্য ৬ শতাংশ।
উল্লেখ্য, কোনো হিসাব থেকে টানা তিন মাস লেনদেন না হলে তা নিষ্ক্রিয় হিসেবে বিবেচনা করা হয়। সেই বিবেচনায় জানুয়ারি শেষে মোট হিসাবের অর্ধেকের বেশি বা ১ কোটি ৪২ লাখ হিসাব নিষ্ক্রিয় রয়েছে। আর জানুয়ারি শেষে সারা দেশে মোট এজেন্ট সংখ্যা ৫ হাজার ১৬৩ জন কমে ৫ লাখ ৩৬ হাজারে নেমে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, জানুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে মোট ৮ কোটি ২১ লাখ টাকার লেনদেনের বিপরীতে ১১ হাজার ৩৩৭ কোটি টাকা উত্তোলন ও জমা হয়েছে। এতে প্রতিদিন লেনদেনের পরিমাণ ৩৭৭ কোটি ৯২ লাখ টাকা, যা ডিসেম্বরে ছিল ৩৪৯ কোটি টাকা।
জানুয়ারি মাসে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের ২ কোটি ৮৫ লাখ টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গ্রাহক নিজের হিসাবে জমা করেছেন ৪ হাজার ৭৪২ কোটি টাকা। আর উত্তোলন করেছেন ৪ হাজার ১৭৫ কোটি টাকা। এ ছাড়া অন্যের হিসাবে পাঠিয়েছেন ২ হাজার ১৩৯ কোটি টাকা। এর মাধ্যমে বেতন পরিশোধ হয়েছে ৭৭ কোটি টাকা। আর সেবা-বিল পরিশোধ হয়েছে ৬০ কোটি এবং অন্যান্য ১৪১ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক থেকে এ পর্যন্ত ২৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন নিয়েছে। এর মধ্যে কার্যক্রম শুরু করেছে ১৯টি। ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর পর ২০১১ সালে এর পূর্ণাঙ্গ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি ছাড়া হিসাব না খুলতে নির্দেশনা দেওয়া হয়।