দোষীদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত: মুস্তফা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের বর্তমান নাজুক পরিস্থিতির জন্য কেউ না কেউ দায়ী। এসব দায়ী ব্যক্তিক অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। একই সঙ্গে এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন।আজ মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতাদের সঙ্গে বৈঠক শেষে মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।মুস্তফা কামাল বলেন, ‘আমি মনে করি, আমরা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারব। বাজার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’ বাজার তার নিজস্ব গতিতে চললে, মূল ভিত্তির ওপর দাঁড়াতে পারলে বিনিয়োগকারীদের ক্ষতি অনেকাংশে পুষিয়ে যাবে।মুস্তফা কামাল আরও বলেন, ‘আমরা সবাই জানি, পুঁজিবাজারে মহাবিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার মাঝেই কীভাবে আবার গতিশীলতা ফিরিয়ে আনা যায় এবং এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কী করণীয়, সেসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পুঁজিবাজার নিয়ে ডিএসইর পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছি, তাঁদের বেশ কিছু চাহিদা পেয়েছি। এই চাহিদা ও পরামর্শগুলো পরশু অনুষ্ঠেয় অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে অর্থমন্ত্রীকে অবহিত করা হবে। এ ছাড়া আসন্ন বাজেটে ওই বিষয়গুলো একত্র করে বিনিয়োগকারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, বাজেটে অনেক কিছু আছে, আবার অনেক কিছু নেই। তিনি বলেন, ‘বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও যাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যায়, সে ব্যাপারে আমরা চেষ্টা করব। আমরা বিষয়টি অর্থমন্ত্রীকে বুঝানোর চেষ্টা করছি। পরশু অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।’আরেক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগের এখনই উত্তম সময়। বাজারের মৌল ভিত্তি এখন অনেক ভালো। এতে ঝুঁকিও অনেক কম।’ তারল্যসংকটের ব্যাপারে তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে নিষ্ক্রিয় থাকায় এই বাজারে তারল্যসংকটের সৃষ্টি হয়েছে। তবে বাজেটের পরই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবারও পুঁজিবাজারে বিনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে কমিটি বৈঠক। বৈঠকে অন্যান্যের মধ্যে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর, সাংসদ আশরাফ আলী, সাংসদ এম এ মান্নান, সাংসদ ফরিদা রহমান, সাংসদ আবদুর রহমান, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলামসহ উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।