দোষীদের শাস্তি চায় বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে সংগঠনটি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে। বিজিএমইএর মহাসচিব এহসান-উল-ফাত্তাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এই অনুরোধ করা হয়। এতে হলমার্ক গ্রুপের নামে দুর্নীতির মাধ্যমে যাঁরা ঋণ গ্রহণ করেছেন ও দিয়েছেন তাঁদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কোনো বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা কখনোই কাম্য হতে পারে না। এ কারণে প্রকৃত শিল্পোদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ গ্রহণ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।বিজিএমইএর উদ্বেগের কারণ ব্যাখ্যা করে বলা হয়, দেশের পোশাকশিল্প এখন কঠিন সময় পার করছে। প্রচলিত পোশাকের বাজারগুলো সংকুচিত হচ্ছে। এ অবস্থায় কোনো বাণিজ্যিক ব্যাংক অথবা প্রতিষ্ঠান কর্তৃক অর্থ আত্মসাতের ঘটনা উদ্যোক্তাদের প্রচেষ্টাকে ব্যাহত ও শিল্পের সুনামহানি করতে পারে।