দোহা আলোচনা সচল হবে: বাণিজ্যসচিব

ডব্লিউটিওর সম্মেলন অচল দোহা আলোচনা (রাউন্ড) সচল হওয়ার পথ তৈরি করেছে। দোহা আলোচনা শেষ হচ্ছিল না বলে ডব্লিউটিও-ব্যবস্থার প্রতি বিশ্বের ব্যবসায়িক গোষ্ঠীর আস্থায় চিড় ধরেছিল। এবারের ‘বালি প্যাকেজ’ তাতে কিছুটা আশার আলো দেখিয়েছে।
ডব্লিউটিওর নবম সম্মেলনশেষে দেশে ফিরে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বালি প্যাকেজে উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ চুক্তি ও কৃষি—এই তিন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে সচিব বলেন, বিষয়গুলো একই জায়গায় আটকে ছিল। এবার একটা ঐকমত্য হয়েছে।
তিন বিষয়ের মধ্যে উন্নয়ন অংশে বাংলাদেশসহ এলডিসি স্বার্থ-সম্পর্কিত চারটি সিদ্ধান্ত হয়েছে বলে জানান সচিব। এগুলো হলো শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধার আওতা বৃদ্ধি, উৎসবিধি সহজীকরণের নীতিমালা প্রণয়ন, সেবা খাতে ছাড় বাস্তবায়নের অঙ্গীকার এবং তুলা উৎপাদনে উন্নত দেশগুলোর অভ্যন্তরীণ ভর্তুকি প্রত্যাহার।
উৎসবিধি সহজীকরণের নীতিমালা অনুসরণ অবশ্য বাধ্যতামূলক নয় বলে জানান সচিব।
মাহবুব আহমেদ বলেন, বাণিজ্য সহজীকরণ চুক্তির ফলে বাণিজ্যের খরচ ও সময় কমবে। তবে এই চুক্তির বিধিবিধান বাস্তবায়নের আর্থিক ও কারিগরি সক্ষমতা বাংলাদেশের নেই। তিনি বলেন, কত দিনে এগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে, প্রতিটি এলডিসি আলাদা করে তা ডব্লিউটিওকে জানাবে।
বাণিজ্যসচিব বলেন, কৃষিবিষয়ক সিদ্ধান্তের মধ্যে রয়েছে খাদ্যনিরাপত্তার জন্য উন্নয়নশীল দেশগুলোর সরকারিভাবে খাদ্যদ্রব্য কিনে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণের একটি অন্তর্বর্তীকালীন পদ্ধতি চালু করা। স্থায়ী পদ্ধতি চালুর আলোচনাও চালিয়ে যেতে হবে।
দোহা আলোচনার যেসব বিষয় এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর জন্য আগামী এক বছরের মধ্যে একটি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলে জানান সচিব। তিনি বলেন, কর্মপরিকল্পনাটি এমনভাবে তৈরি করতে হবে, যা দোহা আলোচনা সমাপ্তির পথে মৌলিক বাধা দূর করার উপায় বের করতে সহায়ক হয়।
সম্মেলনের ফলাফল থেকে বাংলাদেশের কী লাভ হলো, জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, ‘ডব্লিউটিও-ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরছে এবং নিজেদের স্বার্থে এলডিসিগুলো একজোট হয়েছে। সম্মেলনের এটাই সবচেয়ে বড় সাফল্য বলে আমি মনে করি।’