দৌলতদিয়া-পাটুরিয়ার শ্রমিক-হকাররা দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছেন

বিরোধী দলের ডাকা লাগাতার অবরোধ ও হরতালের কারণে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে স্থবির অবস্থার সৃষ্টি হয়েছে।
এর ফলে দুই ঘাটের ওপর নির্ভরশীল তিন হাজারের বেশি হকার ও ঘাটশ্রমিক কার্যত বেকার হয়ে পড়েছেন। আর তাঁদের পরিবারে দুর্দিন নেমে এসেছে।
ঘাটসংশিষ্ট বিভিন্ন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে ৮০২ সদস্যের দৌলতদিয়া ঘাট হকার বহুমুখী সমবায় সমিতি, ৩৩০ সদস্যের দৌলতদিয়া ঘাট হকার্স ঐক্য কল্যাণ সমিতি, ১৪২ সদস্যের হকার্স যুব উন্নয়ন সমিতি এবং এক হাজার ৫০০ সদস্যের দৌলতদিয়া ঘাট ও বাজার ব্যবসায়ী পরিষদ।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার বিভিন্ন যানবাহন পারাপার হয়ে থাকে। ফেরিতে নির্বিঘ্নে গাড়ি ওঠানো-নামানোর জন্য দুই ঘাটে প্রতিদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত রয়েছেন পাঁচ শতাধিক শ্রমিক।
কিন্তু অবরোধ-হরতালে গাড়ি না থাকায় ফেরির সঙ্গে কর্মচারী যেমন বসে থাকেন, তেমনি যানবাহন পারাপারে নিয়োজিত পাঁচ শতাধিক শ্রমিকও বেকার হয়ে বসে থাকেন।
আবার দুই ঘাটেই ফেরিতে ঝাল-মুড়ি, ডিম, কলা বিক্রেতাসহ ঘাটে গড়ে ওঠা খাবারের দোকানগুলো বন্ধ থাকায় শত শত দিনমজুর বসে থাকেন।
মুক্তার শেখ (৫৬) প্রায় ৪০ বছর ধরে ঝাল-মুড়ি বিক্রি করে সাত সদস্যের সংসার চালান। তাঁর বয়সে এত বড় লম্বা অবরোধ-হরতাল দেখেননি। বৃদ্ধ বাবা-মা, এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসারে অন্য কোনো আয়ের ব্যবস্থা না থাকায় তাঁকে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।
দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়ার আবদুল খালেক শেখের ছেলে সুজাত (১৬) জানায়, বড় ভাই সুজন শেখ ও সে প্রতিদিন ফেরিতে ডিম বিক্রি করে ছয় সদস্যের সংসার চালায়। তাতে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হতো। এখন আয় না থাকায় চালান ভেঙে খেতে হচ্ছে।
ট্রাক পারাপারে নিয়োজিত শ্রমিক শাজাহান বিশ্বাস, নুরুল আলম, মামুন সরদারসহ অনেকেই জানান, প্রতিদিন ট্রাকসহ পণ্যবাহী গাড়ি পার করায় তাঁরা ২০০ থেকে ৩০০ টাকা করে ভাগে পান। কিন্তু হরতালের সময় গাড়ি পারাপার বন্ধ থাকায় তাঁদের রোজগার বন্ধ হয়ে যায়।