দৌলতপুর পাটকল নয় বছর পর আবার চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ নয় বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে দৌলতপুর জুট মিল। এর ফলে পাটকলটিতে প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।পাটকলটির প্রকল্প প্রধান মো. আবু তালেব জানান, দৈনিক মজুরির ভিত্তিতে বর্তমানে ৪০০ শ্রমিক দিয়ে পরীক্ষামূলক উৎপাদনের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পাটকলটি উদ্বোধন করবেন। তখন এতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। আপাতত এক শিফটে ৭০টি তাঁত চালু আছে, যা পর্যায়ক্রমে বাড়বে।বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সংস্থার নিজস্ব অর্থায়নেই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে। খবর বাসসের।বিজেএমসি সূত্রমতে, শিল্পনগরী খুলনার খালিশপুর থানা এলাকায় ভৈরব নদীর তীরে ২২.৫৯ একর জমির ওপর ১৯৫৩ সালে দৌলতপুর জুট মিল স্থাপন করা হয়। তবে এতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১৯৫৫ সালে। আর ১৯৬৫ সালে পাটকলটি রাষ্ট্রায়ত্ত করা হয়। লাভজনক কারখানা হিসেবে এটি একসময় পুরস্কারও পায়। কিন্তু ২০০১ সালে চারদলীয় জোট সরকার ৪৮ কোটি টাকা দেনার কথা বলে ২০০২ সালের ডিসেম্বরে এটি বন্ধ করে দেয়। এতে প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে যান।বিগত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুলনায় এক জনসভায় ঘোষণা দেন যে তাঁর দল ক্ষমতায় গেলে খুলনার শিল্পনগরে বন্ধ কল-কারখানা চালু করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ঘোষণা অনুযায়ী কাজ শুরু হয়।বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ জানান, এর আগে খুলনার খালিশপুর জুট মিল (সাবেক পিপলস জুট মিল) ও সিরাজগঞ্জের কওমী (বর্তমানে জাতীয়) জুট মিল দুটি পুনরায় চালু করায় প্রায় ১২ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা ২৭টি পাটকলকে লাভজনক করে তোলার চেষ্টা চলছে।