দৌলতপুর পাটকলে ১০ বছর পর আবার চাকা ঘুরল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের দৌলতপুর পাটকলটি গতকাল বুধবার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।কর্তৃপক্ষ ও শ্রমিক-কর্মচারীদের সূত্রে জানা গেছে, দেনার পরিমাণ ১৩৫ কোটি টাকায় দাঁড়ানোর পরিস্থিতিতে ২০০২ সালের ৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকার দৌলতপুর পাটকল বন্ধ ঘোষণা করে। এতে পাটকলটির কয়েক শ শ্রমিক-কর্মচারী বেকার হয়ে নিদারুণ কষ্টের মধ্যে পড়েন। তখন পাটকলটি চালু করতে শ্রমিক-কর্মচারী ও এলাকার মানুষ আন্দোলন-সংগ্রাম শুরু করলেও কোনো ফল হয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৫ মার্চ খুলনা সফরে এসে দৌলতপুর পাটকলসহ অন্যান্য বন্ধ শিল্প-কারখানা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ী বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) পরীক্ষা-নিরীক্ষা শেষে বিভিন্ন পাটকল থেকে পাট এনে পাটকলটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।পাটকলটির প্রকল্প প্রধান তোফাজ্জেল হোসেন ও সদ্য সাবেক প্রকল্প প্রধান পরীক্ষামূলক কার্যক্রমের সূচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএমসির খুলনা জোনের সমন্বয়কারী রফিকুল ইসলাম মিয়া, খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান মোল্লা আলমগীর হোসেন, ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান মুজিবর রহমান মল্লিক, প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান জসিম উদ্দিন, স্টার জুট মিলের প্রকল্প প্রধান জাহাঙ্গীর হোসেন, ইস্টার্ন জুট মিলের প্রকল্প প্রধান মহব্বত আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ, শ্রমিক নেতা বোরহান উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন ও হেমায়েত হোসেন প্রমুখ।