দ্বারতালা-হাতল খাতে আড়াই কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব
দেশে আবাসিক ও বাণিজ্যিক ভবনের জন্য অত্যাধুনিক দ্বারতালা ও হাতলের (ডোরলক ও হ্যান্ডেল) উ ৎ পাদন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের যান্ত্রিক দ্বার প্রস্তুতকারক খ্যাতনামা প্রতিষ্ঠান অ্যাপেক্স ইউকে।প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও চীনের উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে আড়াই কোটি ডলার ব্যয়ে একটি কারখানা স্থাপন করবে। এতে বছরে ৫০ লাখ ইউনিট দ্বারতালা ও হাতলসামগ্রী তৈরি হবে। ওই কারখানায় ৩০০ লোকের কর্মসংস্থান হবে।যুক্তরাজ্যের অ্যাপেক্স ইউকে, বাংলাদেশি প্রতিষ্ঠান মাল্টিড্রাইভ লিমিটেড এবং চীনের ব্যবসায়ীদের একটি যৌথ প্রতিনিধিদল গতকাল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর মন্ত্রণালয়ে বৈঠক করে। বৈঠকে প্রতিনিধিদল এই বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।বৈঠকে মাল্টিড্রাইভের ব্যবস্থাপনা পরিচালক সাদেক এইচ চৌধুরী, মহাব্যবস্থাপক গোপেশ্বর দেবনাথ, অ্যাপেক্স ইউকের কর্মকর্তা আন্দ্রে গরচারভ, চীনের ব্যবসায়ী লি গুয়াং ইউ, সু ঝিয়ং, ঝাও পি, জেং প্রমুখ উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী বলেন, এ দেশের মানুষের ক্রয়ক্ষমতা ক্রমেই বাড়ছে। সে কারণে দ্রুত আবাসনশিল্পের বিকাশ ঘটছে। তাই এ দেশে ডোরলক শিল্পে বিনিয়োগ লাভজনক হবে।