চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল ফোন কোম্পানি রবির আয় হয়েছে এক হাজার ১৫১ কোটি টাকা। এই সময়ে রাষ্ট্রীয় কোষাগারে ৪১৯ কোটি ৯০ লাখ টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রবির ইন্টারনেট ব্যবহার বেড়েছে ৪৭ শতাংশ। এই সময়ে রবির ১৫ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ৩০ শতাংশ বেশি।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে রবি। রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ক্যুনার, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব এতে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ছিল ৪৫১ মিলিয়ন মেগাবাইট। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় তা ৪৭ শতাংশ বেশি। বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় স্মার্টফোনের ব্যবহার এবং স্মার্টফোনের মাধ্যমে ওয়েব ব্রাউজিং, ভিডিও দেখা ও ই-মেইল আদান-প্রদানের কারণেই এ প্রবৃদ্ধি হয়েছে। তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু হওয়ার পর ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়বে বলে মনে করে রবি।
গ্রাহক বাড়ার কারণ হিসেবে জানানো হয়, কয়েকটি অফার এতে ভূমিকা রেখেছে। এগুলো হচ্ছে হুটহাট চমক, বেশি কথায় ট্যাবলেট অফার, ৬০০++ বোনাস, প্রতিযোগিতামূলক ট্যারিফ, রবি-শিক্ষার্থী এবং বন্ধু চ্যাট।
৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় থ্রিজি নিলাম নিয়ে রবি আশাবাদী। বিজ্ঞপ্তি।