কসবা সীমান্ত হাটের দ্বিতীয় সপ্তাহেই উৎসাহে ভাটা পড়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাটে গেলেও ভারতীয় বিক্রেতারা পণ্য নিয়ে আসেননি। এমনকি ক্রেতাও এসেছেন কম।
ভারত-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটের উদ্বোধন করা হয় ১১ জুন। ওই দিন প্রচণ্ড বৃষ্টির মধ্যেও দুই দেশের ক্রেতা-বিক্রেতা ছিল চোখে পড়ার মতো।
গত বৃহস্পতিবার ছিল এই হাটের দ্বিতীয় দিন। বেলা তিনটায় গিয়ে দেখা যায়, ভারতীয় পণ্য নিয়ে সে দেশের মাত্র তিনজন ব্যবসায়ী এসেছেন। আর বাংলাদেশি বিক্রেতাদের সবাই পণ্য নিয়ে দোকান বসিয়েছেন। তবে সীমান্তের তারকাঁটার বেড়ার ওপারে ভারতের শত শত মানুষ এলেও হাটে এসেছেন সীমিত সংখ্যক ক্রেতা। অন্যদিকে বাংলাদেশের অনেক ক্রেতা হাটে গিয়ে ভারতীয় পণ্য না পেয়ে খালি হাতে ফিরেছেন।
ভারতীয় আনারস বিক্রেতা মিঠুন সরকার প্রথম আলোকে বলেন, শাড়ি কাপড়, স্টিলের সামগ্রীসহ হাটে আসতে চাইলে ব্যবসায়ীদের কাস্টমস ও বিএসএফ সদস্যরা অনুমতি দেননি। তবে ত্রিপুরা সরকার ব্যবসায়ীদের এসব পণ্য সীমান্ত হাটে বিক্রির জন্য কার্ড দিয়েছিল।
জানতে চাইলে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূইয়া ও হাট পরিচালনা কমিটির সমন্বয়কারী কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে ভারতীয় হাট পরিচালনা কমিটির কাছে ই-মেইল করবেন তাঁরা। এ ছাড়া পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।
প্রতি বৃহস্পতিবার দেড়টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুই দেশের ২৫টি করে ৫০টি দোকান বসার কথা। হাটে একসঙ্গে ৫০ জন করে দুই দেশের ৩০০ ক্রেতার কেনাকাটা করার কথা।