চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধন স্থাপনা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিটের নির্মাণপ্রক্রিয়া শুরু হচ্ছে। এ উপলক্ষে দ্বিতীয় ইউনিটের ডিজাইন বা নকশা তৈরির জন্য ফ্রান্সের টেকনিপ নামের একটি কোম্পানির সঙ্গে আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চুক্তি হবে।
বিপিসি সূত্র জানায়, বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন। বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। বর্তমানে এটি ধারণ ক্ষমতার ৯৬ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত জ্বালানি পরিশোধন করতে পারে। দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ৩০ লাখ টন। এতে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। দেশে বর্তমানে জ্বালানির চাহিদা রয়েছে ৫৫ লাখ মেট্রিক টন।
বিপিসি সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের নকশা তৈরিতে ৩২২ কোটি টাকা দিতে হবে ফ্রান্সের কোম্পানিটিকে। আগামী ১১ মাসের মধ্যে টেকনিপ এ ডিজাইন তৈরি করে দেবে। ২০১৯-২০ অর্থবছরে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। এতে সব মিলিয়ে বিপিসির খরচ হবে সাড়ে ১৬ হাজার কোটি টাকা।
বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মো. মোজাম্মেল হক বলেন, ‘টেকনিপের তৈরি করে দেওয়া ডিজাইন অনুযায়ী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের ভৌত কাজ এবং যন্ত্রপাতি স্থাপিত হবে।’
বিপিসি সূত্র জানায়, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন একমাত্র জ্বালানি তেল স্থাপনা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ১৯৬৩ সালে। ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটি উৎপাদনে যায়। এটি ১৭ ধরনের পেট্রোলিয়াম সামগ্রী উৎপাদন করে। সবচেয়ে বেশি পরিশোধন হয় ডিজেল। বিমানের জ্বালানি জেট ফুয়েলও এই কেন্দ্রে উৎপাদন হয়।