দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে এখানে তিনটি পুরোনো সেতুর সংস্কার ও পুনর্বাসন কাজও চলবে। এ লক্ষ্যে একটি গুচ্ছ প্রকল্প পাস করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ ও বর্তমান সেতুর পুনর্বাসন শীর্ষক এই প্রকল্পে নতুন তিনটি সেতু নির্মাণ ও পুরোনো সেতুর পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট হাজার ৪২৯ কোটি টাকা। এটি বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ছয় হাজার ৪২৯ কোটি টাকা ঋণ দেবে।বাকি দুই হাজার ৫৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। এই প্রকল্পের মেয়াদকাল ২০১৩ সালের এপ্রিল থেকে ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত।সভায় গার্মেন্টস শিল্পে কর্মরত নারী কর্মীদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণের লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় সাভারের বড় আশুলিয়ায় ১২তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। এতে প্রায় ৯০০ জনের আবাসন সুবিধা থাকবে। প্রকল্পটির ব্যয় প্রায় ২৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের ঋণ প্রায় ২৫ কোটি টাকা।সভায় জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটিও অনুমোদন করা হয়। প্রকল্পের অধীনে ৭০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, পাঁচটি উড়ালসড়ক, ২৭টি ছোট-বড় সেতু ও ৬০টি আরসিসি কালভার্ট নির্মাণ করা হবে। এ ছাড়া ১৬ হাজার বর্গমিটার আয়তনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় ভবনও এ প্রকল্পের আওতায় নির্মিত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭৮৮ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৮৪৪ কোটি টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ওপেক ফান্ড ও আবুধাবি ফান্ড থেকে পাওয়া যাবে।একনেকের গতকালের সভায় আরও পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়। এতে ১১ হাজার ৫৪১ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে তিন হাজার ২৪৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট আট হাজার ২৯৭ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। অন্য প্রকল্প হলো ৭৪ কোটি টাকার কোর্ট থেকে রাজশাহী বাইপাস সড়ক প্রশস্তকরণ, ১৩৭ কোটি টাকার রাজশাহী মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ ও ২৮ কোটি টাকার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধিকরণ।সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর উপস্থিত ছিলেন।