দ্বিতীয় গাড়ি কিনলে বেশি কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: জুনায়েদ
কার্টুন: জুনায়েদ

একটি গাড়ি আছে আপনার। দ্বিতীয় গাড়ি কিনতে চান? এখন থেকে দ্বিতীয় গাড়ি কিনতে গেলে দিতে হবে বাড়তি কর। কারণ, একটির বেশি গাড়ি কিনতে গেলে বাড়তি কর আদায়ের ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছর থেকেই তা করা হবে। এটি করা হয়েছে মূলত গাড়ির বিলাসিতা নিরুৎসাহিত করার জন্য।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী যে প্রস্তাব করেছেন তাতে বলা হয়েছে, একটির বেশি দ্বিতীয় কিংবা অতিরিক্ত গাড়ি কিনে নিবন্ধন ও ফিটনেস নবায়ন করতে গেলেই বিদ্যমান হারের চেয়ে ৫০ শতাংশ বেশি অগ্রিম কর দিতে হবে। কার ও জিপের নিবন্ধন ও নবায়নকালে অগ্রিম কর হিসেবে বর্তমানে ১৫০০ সিসি পর্যন্ত ১৫ হাজার টাকা, ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৩০ হাজার টাকা, ২০০১ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২৫০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ৩০০১ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত এক লাখ টাকা এবং ৩৫০০ সিসির বেশি সোয়া এক লাখ টাকা দিতে হয়। এ ছাড়া মাইক্রোবাসে ২০ হাজার টাকা অগ্রিম কর রয়েছে।