দ্বিতীয় চালানের ১২১ টন রড ত্রিপুরায় গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতার বজবজ বন্দর থেকে আনা ৯৮৭ মেট্রিক টন রড ও চালের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ১২১ টন রড ত্রিপুরায় গেছে। বাংলাদেশের একটি ট্রেইলর ও তিনটি ট্রাকে করে আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে সড়কপথে এই রড ত্রিপুরায় যায়। কলকাতা থেকে নৌপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসা ত্রিপুরায় ট্রানজিটের দ্বিতীয় চালানের পণ্য এটি।

আজ (মঙ্গলবার) ত্রিপুরায় পাঠানোর জন্য গতকাল সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত চারটি কাভার্ড ভ্যানের প্রতিটিতে ৩৫০ বস্তা করে চাল এবং দুটি খোলা ট্রাকে ৪৮ টন রড বোঝাই করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এমভি মাস্টার সুমন-১ নামের একটি জাহাজ প্রায় ৯৮৭ টন ভারতীয় রড ও চালের ট্রানজিটের দ্বিতীয় চালান আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, এ জাহাজে দুই ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে ৬৪৯ টন রড ও ৩৩৮ টন চাল। এটি নৌপথে ট্রানজিট চালু করার পর দ্বিতীয় চালান। ট্রানজিট পথটি হলো কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে; আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে ৪৭ কিলোমিটার সড়কপথে যাবে আগরতলা। গত জুন মাসে নৌ প্রটোকলের আওতায় চালু হওয়া নিয়মিত ট্রানজিটে প্রতি টনে ১৯২ টাকা মাশুল আরোপ করা হয়।

আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতার বজবজ বন্দর থেকে চাল ও রড নিয়ে রওনা হয় জাহাজটি। সেখান থেকে নামখানা, হেমনগর, শেখবাড়িয়া, মংলা, কাউখালী, বরিশাল, মল্লিকপুর ও মেঘনাঘাট—এ নৌপথ ব্যবহার করে বৃহস্পতিবার আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে।

কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া পর্যন্ত ভারতীয় চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। তবে আনবিস লিমিটেড আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চাল পরিবহনের উপঠিকাদারি আশুগঞ্জের মেসার্স বিসিসিকে দিয়েছে। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ১২১ টন রড ত্রিপুরায় পাঠানো হয়েছে।

আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক শাহ আলম প্রথম আলোকে জানান, নৌবন্দর, শুল্ক বিভাগসহ সব মিলিয়ে ভারতীয় এসব পণ্য থেকে টনপ্রতি ১৯২ টাকা করে আদায় করা হবে।