দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দরে আসা দ্বিতীয় জাহাজ এমভি এফ এস বিচ থেকেও শেষ পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। সে জন্য নয় দিন অপেক্ষার পর জাহাজটি চট্টগ্রাম বন্দরে নিয়ে পণ্য খালাসের সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মদিনা গ্রুপ।
পায়রা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও অনুমতি মিলেছে। এখন চার্টারারের (যাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে) ছাড়পত্র পেলেই জাহাজটি যেকোনো মুহূর্তে পায়রা সমুদ্রবন্দর ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।
বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি মালয়েশিয়া থেকে ১২ হাজার ৫০২ মেট্রিক টন ক্লিংকার নিয়ে গত ১৪ আগস্ট পায়রা সমুদ্রবন্দরের বহির্নোঙরে আসে। সাংসদ হাজি মো. সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপ এ ক্লিংকারের আমদানিকারক।
লাইটার জাহাজ হাজি সেলিম-১-এর প্রথম শ্রেণির মাস্টার মো. রফিকুল ইসলাম মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মাদার ভ্যাসেল এফ এস বিচ থেকে পণ্য খালাস করার জন্য পাঁচটি লাইটার জাহাজ নিয়ে অপেক্ষায় ছিলাম। পণ্য খালাসের জন্য তিন-চারবার চেষ্টা চালিয়েছি। প্রচণ্ড ঢেউয়ের কারণে ছোট লাইটার জাহাজগুলো নিয়ে মাদার ভ্যাসেলের গায়ে ভিড়তে পারিনি। যার ফলে কোনো উপায় না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরের চেয়ে পায়রা বন্দরকে জাহাজ থেকে মাল খালাস এবং জাহাজে মাল বোঝাইয়ের জন্য উপযুক্ত মনে হয়েছে। তা ছাড়া রাবনাবাদ চ্যানেলটিও প্রাকৃতিকভাবে সুন্দর। রাবনাবাদে খননকাজ করা সবার আগে জরুরি। খনন করা হলে বড় গভীরতার জাহাজগুলো এ চ্যানেলেই ভিড়তে পারবে। যার ফলে প্রাকৃতিক দুর্যোগেও পণ্য খালাস করতে কোনো সমস্যা থাকবে না।
মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মো. কামরুল হাসান বলেন, এফ এস বিচ জাহাজটি চট্টগ্রাম বন্দরে নিয়ে চার হাজার মেট্রিক টন পণ্য খালাস করা হবে। এরপর জাহাজটি পুনরায় পায়রা সমুদ্রবন্দরের অভ্যন্তরীণ নোঙরের কাছাকাছি নিয়ে আসা হবে এবং বাকি ৮ হাজার ৫০২ মেট্রিক টন পণ্য এখানে খালাস করা হবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাহাজটি থেকে পণ্য খালাসের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছিল। শুধু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সম্ভব হয়নি।