দ্বিতীয় দিনে শেয়ারবাজারে বড় দরপতন
দেশের শেয়ারবাজারে আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে বড় ধরনের দরপতন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। গতকালও সূচক কমে দুই বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ২৫ মিনিটের মাথায় সূচক ১০ পয়েন্ট বাড়ে। এরপর আবারও নিম্নমুখী হয় সূচক, যা সারা দিনই অব্যাহত থাকে।দিন শেষে দেখা যায় ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৭টির, কমেছে ২৩৫টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৫ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিক, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন ও বিডি-থাই অ্যালুমিনিয়াম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩১১.৭৯ পয়েন্ট কমে ১৬৩৩২.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম।