চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আয় হয়েছে ৭৬২ কোটি ৮০ লাখ টাকা, যা বছরের প্রথম প্রান্তিকের চেয়ে শতকরা নয় ভাগ এবং গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি।এ ছাড়া আলোচ্য সময়ে রবির গ্রাহক বেড়েছে ১২ লাখ। একই সময়ে রবি সরকারের কোষাগারে ৩৯২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব জমা দিয়েছে, যা প্রথম প্রান্তিকের চেয়ে ৩৭ শতাংশ বেশি। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার, প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ ও প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যু ৎ কুমার বসুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মাইকেল ক্যুনার বলেন, ‘ক্রমাগত নেটওয়ার্কের উন্নয়ন এবং গুণগত ভয়েস ও ডেটা সেবা বৃদ্ধির ফলে রবির আয় বেড়েছে। এ ছাড়া ভয়েসের পাশাপাশি ডেটা ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি ও রবির নেটওয়ার্কে ডেটা সেবার সক্ষমতা আরও বাড়ানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে।’এ ছাড়া গ্রাহকদের সুবিধার্থে দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গেল রেট রোমিং সেবা চালু করায় রবির গ্রাহকেরা মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া থেকে প্রতি মিনিট ১৫ টাকায় কথা বলার সুযোগ পাচ্ছেন বলে মাইকেল ক্যুনার উল্লেখ করেন। মাহতাবউদ্দিন আহমেদ জানান, রবির নেটওয়ার্ক সক্ষমতা ও কভারেজ দুটোই বেড়েছে। ভৌগোলিক কভারেজ ৮৬ থেকে বেড়ে ৮৭ দশমিক ৪ শতাংশ এবং জনসংখ্যার দিক থেকে তা ৯৬ থেকে ৯৭ দশমিক ৫ শতাংশ হয়েছে।