দ্বিতীয় বছরে পুষ্পিতা শিশু দিবাযত্ন কেন্দ্র
বাবা-মা দুজনই চাকরিজীবী। তাঁদের মধ্যে একজন ব্যাংকে। সন্তান দেখভালের জন্য অন্য কেউ নেই। মায়ের চাকরি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন সন্তানদের দেখভালের উদ্দেশ্যে গত বছরের ৩১ জানুয়ারি চালু হয় পুষ্পিতা শিশু দিবাযত্ন কেন্দ্র।
২১ বেসরকারি ব্যাংকের উদ্যোগে গড়ে উঠেছে এ কেন্দ্র। রাজধানীর মতিঝিলের আল আমিন সেন্টারের ৫ হাজার ৬৬৬ বর্গফুট এলাকায় চলছে এর কার্যক্রম। এ কেন্দ্রে বর্তমানে ২৫ শিশু বেড়ে উঠছে। দিবাযত্ন কেন্দ্রের এক বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে কেক কাটা হয়। অনুষ্ঠানে অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কেন্দ্র সূত্রে জানা গেল, মূলত ২১ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নেই পরিচালিত হয় কেন্দ্রটি। ৬ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের দিবাযত্ন কেন্দ্রে রাখা হয়। ২১ ব্যাংকে কর্মরত মা-বাবার সন্তানদের রাখা হয় এ কেন্দ্রে। প্রত্যেক শিশুর জন্য অভিভাবকদের মাসে দিতে হয় ২ হাজার টাকা। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এটি চালু থাকে।
এ কেন্দ্রে কথা হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডলের সঙ্গে। তাঁর স্ত্রী ঢাকা ব্যাংকের কর্মকর্তা। এ সুবাদে নিজের দুই সন্তানকে দিবাযত্ন কেন্দ্রে রেখেছেন তিনি। প্রথম আলোকে প্রশান্ত কুমার বলেন, ‘দুজনই চাকরিজীবী হওয়ায় সন্তান দেখভালের কেউ নেই। এখন সন্তানদের এখানে রেখে আমরা নিশ্চিন্ত।’