দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়েও চীন এখনো উন্নয়নশীল দেশ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হওয়ার পরও চীন এখনো উন্নয়নশীল দেশের কাতারে রয়ে গেছে। অনেকেই অবশ্য চীনকে অগ্রসর উন্নয়নশীল দেশ হিসেবে অভিহিত করেছেন। তবে চীনের বিপুলসংখ্যক জনগোষ্ঠী দরিদ্র রয়ে গেছে। এই দারিদ্র্য বিমোচনসহ আরও অনেক উন্নয়নের চ্যালেঞ্জের মুখে রয়েছে চীন। তাই উন্নয়নশীল দেশের তালিকা থেকে দেশটি বেরিয়ে আসতে পারছে না সহসা।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের ভাষায়, ‘চীন এখনো উন্নয়নশীল দেশ। অবশ্যই গত তিন দশকে চীন বিস্ময়কর অগ্রগতি সাধন করেছে। প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য হ্রাসসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অগ্রগতি ব্যাপক। কিন্তু এখনো চীনের পল্লি অঞ্চলে বহু মানুষ বসবাস করে, যারা বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত।’বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, চীনের ২০ কোটি ৮০ লাখ পল্লিবাসী চরমভাবে দরিদ্র। জোয়েলিক বলেন, ‘অনেকেই এখনো জানেন না যে চীনে কতটা গরিব মানুষ আছে। তাদের এটা জানা দরকার।’ সূত্র: ইকোনমিক টাইমস