দ্বিতীয় মেয়াদে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন এস এম আকবর
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংসদ সিরাজুল মোহাম্মদ আকবর। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আদেশক্রমে আগামী দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ৮ মার্চ সিরাজুল আকবরকে দ্বিতীয় মেয়াদে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।পেশায় একজন সফল চিকিত্সক এস এম আকবর ১৯৪৪ সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। সিরাজুল আকবর এডিনবরা ও গ্লাসগো থেকে এফআরসিপি, ডিসিএইচ ও এফআইএপিসহ চিকিত্সাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।কর্মজীবনে তিনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’-এর অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতালের পরিচালকসহ অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কৃতী চিকিত্সা বিজ্ঞানী হিসেবে তাঁর বহু প্রকাশনা দেশ-বিদেশের জার্নালে প্রকাশিত হয়েছে।রাজনৈতিক জীবনেও সমান সফল এস এম আকবর তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সপ্তম, অষ্টম ও নবম সংসদে সাংসদ নির্বাচিত হন।