দেশের দ্বিতীয় সাবমেরিন প্রকল্পে ৬৮ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেন-সংশ্লিষ্ট ১৫টি অভিযোগের বিপরীতে এই অনিয়ম হয়েছে। আর গুরুত্বপূর্ণ এই প্রকল্পের আর্থিক অনিয়মসহ প্রশাসনিক একাধিক অনিয়মের বিষয় উঠে এসেছে সরকারি এক বিশেষ নিরীক্ষায়। দ্বিতীয় সাবমেরিন কেব্ল (এসইএ-এমই-ডব্লিউই ৫) নিয়ে বৈদেশিক সহায়তা প্রকল্প নিরীক্ষা পরিদপ্তর (এফএপিএডি) এ নিরীক্ষা করেছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে ৪৯৮ কোটি টাকা যেভাবে খরচ করা হয়েছে, তা ডিপিপিতে (বিস্তারিত প্রকল্প পরিকল্পনা) নির্ধারিত নিয়ম অনুযায়ী করা হয়নি। প্রতিবেদনটিতে মোট ১৮টি বিষয়ে আপত্তি তোলা হয়েছে, যার মধ্যে ১৫টি আর্থিক অনিয়মসংক্রান্ত। এর মধ্যে দুটি বিষয়ে ৬০ কোটি টাকা আর ১২টি বিষয়ে সব মিলিয়ে ৮ কোটি টাকার অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। প্রকল্প পরিচালকের নিয়োগসহ প্রশাসনিক অনিয়ম বিষয়ে বাকি তিনটি আপত্তি তোলা হয়েছে।
সরকারের মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ৬৬০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। এতে ৩৫২ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বাংলাদেশ সরকার দিয়েছে ১৬৬ কোটি টাকা আর বাকি ১৪২ কোটি টাকা বিএসসিসিএলের নিজস্ব উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।
ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় ব্যান্ডউইটথ সাবমেরিন কেব্ল থেকে পাওয়া যায়। দ্বিতীয় সাবমেরিন কেব্লের কারিগরি নাম এসইএ-এমই-ডব্লিউই-৫ (সাউথইস্ট এশিয়া-মিডল ইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫)। এসইএ-এমই-ডব্লিউই ৫ হলো তিনটি মহাদেশের ১৬টি দেশের ১৯টি টেলিযোগাযোগ সংস্থার যৌথ উদ্যোগে সমুদ্রের তলদেশ দিয়ে বিছানো একটি অপটিক্যাল ফাইবার কেবল্ বা তার। এ বছরের ১৬ জানুয়ারি থেকে ১৫টি দেশ কেব্লটির মাধ্যমে ব্যান্ডউইটথ ব্যবহার করে এলেও গত রোববার থেকে এই কেব্ল থেকে ব্যান্ডউইটথ ব্যবহার করছে বাংলাদেশ।
দ্বিতীয় সাবমেরিন কেব্ল প্রকল্পের অনিয়ম নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে গত এক বছরে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই প্রকল্পের ওপর নিরীক্ষা চালায় এফএপিএডি। নিরীক্ষা প্রতিবেদনটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জমা দেওয়া হয়েছে।
প্রকল্পের আর্থিক অনিয়মের মধ্যে রয়েছে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে ও পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া ঠিকাদারকে কাজ দেওয়া এবং কাজের মান যাচাই না করেই ঠিকাদারকে টাকা দিয়ে দেওয়া, বেশি দামে জমি কেনা, প্রকল্প শুরুর আগেই গাড়ি কেনা, প্রকল্প পরিচালকের পরিবর্তে ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে প্রকল্পের সব খরচের অনুমোদন ইত্যাদি।
এ বিষয়ে বিএসসিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যামসুন্দর সিকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণ না নিয়ে নিরীক্ষকেরা ব্যক্তিগত স্বার্থে অসম্পূর্ণ প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে যেসব অভিযোগ এসেছে, সেগুলো ভালোভাবে বিশ্লেষণ করে সরকারের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পর্ষদের অনুমোদন ছাড়াই ঠিকাদারকে কাজ দেওয়া
প্রকল্পের বিভিন্ন স্থাপনা নির্মাণে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই কেকে এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন ধাপে ৩৭ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে। পর্ষদের অনুমোদন ছাড়াই এভাবে একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি ক্রয়বিধির (পিপিআর) সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী, ১ কোটি টাকা বেশি মূল্যের কাজের দরপত্র সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মাধ্যমে সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও এ ক্ষেত্রে সেটি করা হয়নি। তবে এ বিষয়ে বিএসসিসিএলের দেওয়া জবাবে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালককে স্থাপনার কাজের বিল পরিশোধের আর্থিক ক্ষমতা দিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী বিলের অর্থ পরিশোধ করা হয়েছে। তবে সিপিটিইউর ওয়েবসাইটে দরপত্র না ডাকার বিষয়টি স্বীকার করেছে বিএসসিসিএল।
জমি ও গাড়ি কেনায় অনিয়ম
পটুয়াখালীর কুয়াকাটায় যে স্থানে দ্বিতীয় সাবমেরিন কেব্লের ল্যান্ডিং স্টেশন বা প্রকল্প কার্যালয়ের জমি কেনা হয়েছে, সেখানে স্থানীয় সাবরেজিস্ট্রি কার্যালয়ের হিসাবে প্রতি শতাংশ জমির গড় মূল্য ছিল ৬৪ হাজার ৬৯৩ টাকা। এ হিসাবে ১ হাজার শতাংশ জমির দাম হয় ৬ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। তবে জমি কিনতে বিএসসিসিএল ব্যয় করেছে ৭ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা, যা বাজারদরের চেয়ে ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা বেশি। সরকারের মালিকানাধীন কোম্পানি হিসেবে বিএসসিসিএল আইন অনুযায়ী অধিগ্রহণ না করে সরাসরি জমি কেনায় বেশি অর্থ খরচ হয়েছে। জমি কেনায় স্থানীয় জেলা প্রশাসনকেও যুক্ত করা হয়নি, ১৯৮২ সালের ভূমি অধিগ্রহণ আইনের লঙ্ঘন।
গাড়ি কেনার অনিয়মের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের কাজ শুরুর আগেই গাড়ি কেনা হয়েছে। নিয়ম অনুযায়ী, কাজ শুরু হওয়ার আগে অর্থ খরচ করার কোনো সুযোগ নেই। প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৪ সালের জুলাই মাসে। তবে গাড়ি কেনা বাবদ ৬৯ লাখ ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে ২০১৪ সালের জুন মাসে।
এ দুটি অভিযোগের জবাবে বিএসসিসিএল জানিয়েছে, পুঁজিবাজারে নিবন্ধিত একটি কোম্পানির জন্য সরকারের জমি অধিগ্রহণনীতি সব সময় প্রযোজ্য নয়। কোম্পানি আইন অনুযায়ী পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে গাড়ি কেনা হয়েছে।
এখতিয়ারবহির্ভূত ব্যয়
একনেকে অনুমোদিত ডিপিপি অনুযায়ী প্রকল্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকল্প পরিচালক। ডিপিপিতে প্রকল্পের সব ধরনের অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে প্রকল্প পরিচালককে। কিন্তু প্রকল্পের জন্য ৪৯৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের ক্ষেত্রে চেকে ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন নিজেই স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে অনুমোদিত ডিপিপির শর্ত লঙ্ঘন করা হয়েছে। বিএসসিসিএল এই অভিযোগের জবাবে বলেছে, প্রকল্প পরিচালকের সুপারিশের ভিত্তিতেই সব খরচ করা হয়েছে।
অর্থ বরাদ্দ পাওয়ার আগেই খরচ
প্রকল্পের ১১টি খাতে ২০১৪-১৫ অর্থবছরে ২২৮ কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি, যা আর্থিক বিধিমালার গুরুতর লঙ্ঘন। জবাবে বিএসসিসিএল বলেছে, সাবমেরিন কনসোর্টিয়ামের সদস্য হিসেবে নির্ধারিত সময়ে এসব খরচের বাধ্যবাধকতা ছিল।
ডিপিপি লঙ্ঘন করে প্রকল্প পরিচালক নিয়োগ
ডিপিপি অনুযায়ী প্রকল্প পরিচালকের অবশ্যই প্রকৌশল শিক্ষায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। কিন্তু প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফের প্রকৌশল শিক্ষায় স্নাতক ডিগ্রি নেই, এ ক্ষেত্রে ডিপিপি লঙ্ঘন করা হয়েছে। এ ছাড়া তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সনদও সন্দেহজনক বিবেচিত হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এ বিষয়ে বক্তব্য জানতে পারভেজ মনন আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, উল্লিখিত প্রতিটি বিষয়ের খরচের সঙ্গে যুক্ত ছিলেন বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন ও প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফ। আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিরীক্ষায় যেসব বিষয়ে আপত্তি এসেছে, সেগুলোর যথাযথ ব্যাখ্যা ও উত্তর দেওয়া হয়েছে। এই প্রকল্পের ৯৫ শতাংশ অর্থ খরচ করা হয়েছে সাবমেরিন কেব্ল কনসোর্টিয়ামের পাওনা পরিশোধে, এ ক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ নেই।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, যেসব অভিযোগ নিরীক্ষায় এসেছে সেগুলো গুরুতর। এসব অনিয়মে যাঁরা চিহ্নিত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কারণ ডিজিটালাইজেশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। সমস্যার গভীরে না গিয়ে অনিয়ম অস্বীকার করার প্রবণতার কারণে দেশে দুর্নীতির প্রসার হচ্ছে।