দ্বিতীয় স্তরের বন্ড বাজার পূর্ণাঙ্গ অনলাইনে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলমান টিকার স্ক্রিনে সোনালী ব্যাংক দুই লাখ টাকার ট্রেজারি বন্ড বিক্রির নোটিশ দিলে ন্যাশনাল ব্যাংক তা ক্রয় করে। এর মধ্য দিয়েই উদ্বোধন হয় ট্রেজারি বিল ও বন্ডের নতুনভাবে সৃষ্টি দ্বিতীয় স্তরের বাজার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল সোমবার কম্পিউটারের মাউসে ক্লিক করে অনলাইনে এ ট্রেজারি বিল ও বন্ড বিক্রির সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের বাজারের উদ্বোধন করেন।একটি ট্রেড ওয়ার্ক স্টেশনের (টিডব্লিউএস) মাধ্যমে শেয়ারবাজারের মতো অনলাইনে সরকারের ট্রেজারি বিল-বন্ড কেনাবেচার এ নতুন ব্যবস্থা হয়েছে।বিল ও বন্ডের সেকেন্ডারি মার্কেট বা দ্বিতীয় স্তরের বাজার সম্প্রসারণের বিষয়টি অনেক দিন ধরেই আলোচনায় ছিল। শেয়ারবাজারে বিল, বন্ড দুটিই তালিকাভুক্ত। কিন্তু কেনাবেচা হয় না। গ্রাহক আগ্রহ পায় না। কেন্দ্রীয় ব্যাংক এবার নতুনভাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে টিকার স্ক্রিন দিয়ে বিল-বন্ড বেচাকেনার ব্যবস্থা করেছে।টিডব্লিউএসের মাধ্যমে কে বিক্রি করছে, কে কিনছে তা সবাই জানতে পারবে না। এখানে টিকার স্ক্রিনে বিভিন্ন মেয়াদের বিল ও বন্ডের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য, বিক্রি বা কেনার পরিমাণের আগ্রহ, আয় (ইল্ড) ইত্যাদির তথ্য থাকবে।বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর, সিনিয়র অর্থনৈতিক পরামর্শক মো. আল্লাহ মালিক কাজেমী, ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও বেসরকারি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমদ চৌধুরী, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখারসহ কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে গভর্নর দ্বিতীয় স্তর বাজার উন্নয়নে মূল ভূমিকা পালন করতে ব্যাংকারদের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা পথ তৈরি করে দিয়েছি, এখন তা ব্যবহারের মাধ্যমে বাজার সম্প্রসারণের দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’আল্লাহ মালিক কাজেমী বলেন, প্রতিদিনই প্রয়োজনের তুলনায় বেশি সিআরআর থাকছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে। এর মধ্যে কারোর সিআরআর ঘাটতি, আবার কারও বেশি থাকছে। অনলাইনে বিল ও বন্ডের লেনদেন হলে পরস্পর পরস্পরের সহযোগিতা নিতে পারবে। তখন আর এ ধরনের সমস্যা থাকবে না বলে তিনি মনে করেন।নূরুল আমিন বলেন, বিল ও বন্ডের সেকেন্ডারি বাজার সম্প্রসারণের জন্য এর আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তা সফল হয়নি। একটি লেনদেনের পর সেখানে আর কোনো লেনদেন হয়নি। এবার যেন এটি আর ব্যর্থ না হয়, সে জন্য সেকেন্ডারি বাজার নিয়ে প্রচারণা চালাতে হবে। তবে সূত্রগুলো বলছে, বাংলাদেশ ব্যাংক যদি প্রাথমিক ডিলার ব্যাংকগুলোর জন্য তারল্য সহায়তা বা লিকুইডিটি সাপোর্ট এবং স্পেশাল রেপো সুবিধা অব্যাহত রাখে তবে দ্বিতীয় স্তরের বাজার বিকাশের পথে তা বাধা হয়ে আসবে। এ ক্ষেত্রে যেসব ব্যাংকের হাতে প্রয়োজনের বেশি ট্রেজারি বিল বা বন্ড থাকবে, তারা নগদ সংকটে পড়লে এই ওয়ার্ক স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা হলে বাজার উন্নত হবে বলে ধারণা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।