২০২১ সালে তৈরি পোশাক রপ্তানি ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এটি অর্জনের প্রয়োজনীয় পরিকল্পনা ও করণীয় বিষয়ে সংগঠনটি অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে একটি পথনকশা তৈরি করেছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরএমআইটি ইউনিভার্সিটিতে গত শুক্রবার পথনকশা-সংক্রান্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান ও মোহাম্মদ নাছির, সাবেক সভাপতি টিপু মুনশি ও সফিউল ইসলাম, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছরের ২২ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির তৎকালীন সভাপতি আতিকুল ইসলাম পথনকশার গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সেদিনই বিজিএমইএর সভাপতি হিসেবে সিদ্দিকুর রহমান দায়িত্ব নেন। তাঁর হাতে পথনকশাটি তুলে দেন বিদায়ী সভাপতি।