দ্বিপক্ষীয় চুক্তিতে ভারত থেকে বিদ্যুৎ কেনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খোলাবাজার থেকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় দৈনিক ৩০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
অতিরিক্ত সচিব বলেন, বিদ্যুৎ কেনার প্রস্তাবটি এর আগে গত ১৪ জানুয়ারি ক্রয় কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছিল। আজকের (গতকাল) বৈঠকে সেটা বাতিল করে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আনা হয়েছে।
প্রস্তাবে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের খোলাবাজার থেকে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের জন্য ‘লিমিটেড টেন্ডারিং পদ্ধতি’র মাধ্যমে ভারতের দুটি কোম্পানি এনভিভিএন ও পিটিসির কাছ থেকে দরপত্র আহ্বানের অনুমতি দেওয়া হয়েছে। আগের প্রস্তাবে এজেন্ট চার্জসহ বিদ্যুতের মোট মূল্য ধরা হয়েছিল ৫৭ থেকে ২৩১ কোটি টাকা।
এ ছাড়া বৈঠকে সিরাজগঞ্জে ৪০০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। নির্মাণ-মালিকানা-পরিচালনা (বিওও) পদ্ধতিতে অনুমোদন দেওয়া এ কেন্দ্রের মেয়াদ হবে ২২ বছর। বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিদ্যুৎ কেনায় ২২ বছরে সরকারকে ৫৬ হাজার ৩৪২ কোটি টাকা দিতে হবে।
সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি সেম্বকর্প ইউটিলিটিজ ও দেশি নওপাজেকো যৌথভাবে এটি নির্মাণ করবে।
আরও দুটি প্রস্তাব: এর বাইরেও দুটি প্রস্তাব অনুমোদিত হয় গতকালের বৈঠকে। এর মধ্যে রয়েছে ‘সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন’ (সাসেক) সংযোগ সড়ক উন্নয়নের প্রস্তাবে মোট ব্যয় হবে ২ হাজার ৫০ কোটি টাকা।
অতিরিক্ত সচিব বলেন, এটির আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা (ঢাকা-টাঙ্গাইল) অংশের ৭০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করাসহ ধীর গতির যানবাহনের জন্য আলাদা লেন করা হবে। এ ছাড়া পাঁচটি উড়ালসড়ক, ২৬টি সেতু, ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে।
মোস্তাফিজুর রহমান জানান, অনুমোদিত অন্য প্রস্তাবে ৭৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে অভ্যন্তরীণ নৌপথের ৫৩টি রুটে ‘ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়: ২৪টি নৌপথ)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে গাগলাগড়-মোহনগঞ্জ অংশের নাব্য উন্নয়নকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে যৌথভাবে এএমডিএল-এডিএল।