দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ বছরে ৩০০ কোটি ডলারে উঠবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ ২০১৫ সাল নাগাদ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান।দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের প্রথম ১০ মাসে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ কোটি ২০ লাখ ডলার। আর ২০০৯ সালে বিশ্বমন্দা সত্ত্বেও দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ছিল ৬৪ কোটি ৮০ লাখ ডলার।গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) তুরস্কের প্রধানমন্ত্রীর সম্মানে যে মধ্যাহ্নভোজ সভার আয়োজন করে তাতে এরদোগান এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যরা। এ সময় বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।এরদোগান বলেন, চলতি বছর শেষেই দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, ২০০২ সালে তাঁর দল যখন তুরস্কের ক্ষমতায় আসে, তখন দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র চার কোটি ৭০ লাখ ডলার।তুরস্কের প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৩ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকায় তাঁর দেশ আসতে চায়। সে লক্ষ্যে অর্থনীতি পরিচালনা করা হচ্ছে।এরদোগান হিসাব দিয়ে বলেন, তুরস্কের প্রবৃদ্ধি চলতি বছরের প্রথম নয় মাসে ১১ শতাংশে দাঁড়িয়েছে।্র গত আট বছরে অর্থনীতির আয়তন বেড়েছে ১৪ গুণ। মন্দার কারণে বিশ্বের অনেক দেশে প্রবৃদ্ধি কমলেও তুরস্কে বেড়েছে। এমনকি বিশ্বে বেকারত্বের হার বাড়লেও তুরস্কে তা তিন শতাংশ থেকে কমে এখন আড়াই শতাংশ হয়েছে। পর্যটন খাতের বিকাশের জন্য ব্যাপক উদ্যোগের ফলে গত আট বছরে পর্যটকের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। এরদোগান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করলে বিনিয়োগ বাড়বে। নির্মাণ খাতে তুরস্কের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চীনেও তুর্কি কোম্পানি কাজ করছে। অবকাঠামো, ভবন নির্মাণে তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। জ্বালানি ও নির্মাণ খাত বিশেষ করে পরিবহন অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ দরকার। আগামী মাস থেকেই ঢাকা ও তুরস্কের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বস্ত্র, পর্যটন, জ্বালানি, নির্মাণ, প্রাকৃতিক গ্যাসভিত্তিক শিল্প, টেলিকম, মৎস্য, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, চামড়া, হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশ তুরস্ক থেকে যন্ত্রপাতি, ধাতব পদার্থ, বস্ত্র ও বস্ত্রসামগ্রী, যানবাহন, সবজি, প্লাস্টিক, খনিজ পদার্থ প্রভৃতি আমদানি করে থাকে। আর বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের তালিকায় আছে নিট পোশাক, ওভেন পোশাক, কাঁচাপাট ও পাটজাত দ্রব্য, হস্তজাত শিল্পদ্রব্য ইত্যাদি।উল্লেখ্য, ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স দুই দেশকে একই শ্রেণীভুক্ত করেছে। নেক্সট ইলেভেন (এন-১১) নামে অভিহিত এই অনানুষ্ঠানিক জোট সমন্বিতভাবে একুশ শতকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হতে পারে বলে বিনিয়োগ ব্যাংকটি প্রক্ষেপণ করে।এন-১১ভুক্ত অন্য দেশগুলো হলো: দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ফিলিপিন, ইরান, পাকিস্তান, নাইজেরিয়া, ভিয়েতনাম, মিসর ও ইন্দোনেশিয়া।