অ্যামচেমের মধ্যাহ্নভোজ সভায় মার্কিন রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বেই আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত

বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগে আগ্রহী। এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশে ভোক্তাদের একটি বড় বাজার রয়েছে, যাদের ক্রয়ক্ষমতা দ্রুতই বাড়ছে। এই দেশে ব্যবসা করে সফল হওয়া সম্ভব। বিশ্বাস করুন, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত এসব কথা শুনছে। আমার বিশ্বাস, এ দেশের প্রতি তাদের (বিনিয়োগে) আগ্রহ দিন দিন
বাড়বে।’
আমেরিকান চেম্বার ইন কমার্স, বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্নভোজ সভায় মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন তিনি।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এখন ৬০০ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। আর আমদানি করে ১০০ কোটি ডলারের পণ্য।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বাণিজ্যের এ তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা কি এর (দ্বিপক্ষীয় বাণিজ্য) পরিমাণ বাড়াতে পারি? আমার বিশ্বাস, উত্তরটি হবে, হ্যাঁ। আমি ঢাকায় আমার মেয়াদকালেই আমি এটি দেখতে চাই এবং এ কাজে ব্যবসায়ীরা আমাকে পাশে পাবেন।’
বাংলাদেশ সম্পর্কে এই রাষ্ট্রদূতের অভিমত হলো, দুই দশক ধরে বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশ এখন এই অঞ্চলের অপরিহার্য অংশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আর কৌশলগত কারণে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রও বেশ আগ্রহী।
মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, ‘বাংলাদেশে আসার আগে এ দেশে ব্যবসা করছে—যুক্তরাষ্ট্রের এমন কয়েকটি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে আমি আলাপ করেছি। তাঁরা বাংলাদেশের প্রশংসা করেছেন।’ তিনি আরও বলেন, একটি বার্তা স্পষ্ট, সেটা হলো, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এবং তাদের স্থানীয় অংশীদারেরা বাংলাদেশে বিনিয়োগ করছে। এ জন্য তারা নতুন নতুন প্রযুক্তিও এ দেশে আনছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বাণিজ্যিক পরিবেশকে ব্যবসাবান্ধব করতে হলে আলোচনার মাধ্যমে যেকোনো বিবাদ নিষ্পত্তি করা প্রয়োজন। এ লক্ষ্যে স্পষ্ট পথনকশা থাকতে হবে। ব্যবসায়ের পরিবেশ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের জন্যই চ্যালেঞ্জ। এটি বাণিজ্য ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য খুবই জরুরি। তিনি এ-ও বলেন, বাংলাদেশের নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা এখন উৎপাদনশীলতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়ন ও মূলধন বিনিয়োগের কথা বলছেন। এসব ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালের নভেম্বরে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) সই হয়। এ নিয়ে বছর খানেক আগে ঢাকায় একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ব্যবসাসংক্রান্ত যেকোনো বিষয়, যেসব আপনারা আলোচনায় আনতে চান, আমাদের জানান। সেগুলো টিকফার পরবর্তী সভায় আলোচনা করা হবে।’
ব্লুম বার্নিকাট আরও বলেন, ‘আমি সুশাসন ও স্বচ্ছতার ভক্ত। যদি একটি প্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে ঠিকমতো পরিচালনা করা যায়, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই।’
সভায় অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বড় অংশীদার। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র বজায় থাকুক, সন্ত্রাসী দমনে কার্যকর ভূমিকা নিক, মানবাধিকার পরিস্থিতির উন্নতি করুক, সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করুক। তিনি বলেন, দুর্নীতি, আমলাতন্ত্র, সাংঘর্ষিক রাজনীতি এ দেশের বড় সমস্যা। এগুলো ব্যবসাকে বাধাগ্রস্ত করে। এসব দূর করতে পারলে এবং সুশাসন প্রতিষ্ঠিত হলে তা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগে আকৃষ্ট করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর।