দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাধা দূরীকরণে ভূমিকা রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে গত বছর অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য বাধা দূরীকরণে যেসব সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার প্রতিও গুরুত্বারোপ করেন ফারুক খান।ভারতের আসামের গুয়াহাটিতে চলমান অষ্টাদশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে গুয়াহাটির একটি হোটেলে গত শুক্রবার অনুষ্ঠিত ‘ক্রেতা-বিক্রেতা সভা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।ফারুক খান বলেন, বাণিজ্য বাধা দূরীকরণে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তারপরও কিছু বাধা রয়ে গেছে, চাইলে যা শিগগিরই দূর করা সম্ভব। এ ক্ষেত্রে রাজনৈতিক পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। সেমিনারে আসামের রেশম ও কুটিরশিল্পবিষয়ক মন্ত্রী প্রণব গাগৈ, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, আসাম সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।গত ২৮ জানুয়ারি শুরু হওয়া এই মেলায় অংশ নিতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল এখন ভারত সফর করছে। মেলা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে বাংলাদেশের ৩৮ সদস্যের একটি সাংস্কৃতিক দলও বর্তমানে আসামে রয়েছে।এদিকে সেমিনারের পরে ফারুক খান গুয়াহাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করেন। এই মেলার পার্টনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ।মেলায় বাংলাদেশের ৪৩টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন রপ্তানিমুখী পণ্য প্রদর্শন করছে। প্রতিষ্ঠানগুলো যেসব পণ্য প্রদর্শন করছে সেগুলো হলো: হস্তশিল্প, তৈরি পোশাক, জামদানি কাপড়, মোটরসাইকেল, মেলামাইন, সিরামিক পণ্য, পাটজাত, প্লাস্টিক ও চামড়াজাত পণ্য ইত্যাদি।উভয় অনুষ্ঠানে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হাবিবুর রহমান ও প্রথম সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।