দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পাকিস্তান-ভারত বৈঠক
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভারত ও পাকিস্তানের বাণিজ্যসচিবদের দুই দিনব্যাপী বৈঠক কাল বৃহস্পতিবার শুরু হবে। পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর পিটিআইয়ের। পাকিস্তানের বাণিজ্যসচিব মুনির কুরেশির সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের বাণিজ্যসচিব এস আর রাও নিজ দেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, পাকিস্তান আগামী বছর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মানুযায়ী ভারতকে এমএনএফ (সমমর্যাদা সুবিধা) দিতে বদ্ধপরিকর। সচিবপর্যায়ের বৈঠকে এ বিষয়টিসহ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক ও বৃদ্ধি করা নিয়ে আলোচনা হবে।চলতি মাসের শুরুতে হিনা রাব্বানি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ইসলামাবাদে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা যৌথ বিবৃতিতে বলেন, দ্রুত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পাকিস্তান-ভারত কাজ করছে। দুই দেশের মধ্যে বর্তমানের ২০০ কোটি ডলারের বাণিজ্য ২০১৪ সালে ৬০০ কোটি ডলারে উন্নীত করা হবে বলেও জানান দুই মন্ত্রী।