দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক বাণিজ্য বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিল্প, কৃষি, শিপিং, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।দুই দেশের যৌথ অর্থনৈতিক ইউনিয়নের (জেইসি) বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিনিধিদলের নেতারা। এর আগে এ-সংক্রান্ত একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাত বাতিউদ্দীন এই সম্মতিপত্রে স্বাক্ষর করেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। পরে এক সংবাদ সম্মেলনে জেইসির অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। এটি উভয় দেশের মধ্যে চতুর্থ বৈঠক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে শ্রীলঙ্কা। ৩০ বছর ধরে শ্রীলঙ্কা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। ২০০৯ সালে সেই সমস্যার উত্তরণ হয়েছে। মুহিত আরও বলেন, এত সমস্যার পরও শ্রীলঙ্কা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এসব ক্ষেত্রে শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে। অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে শ্রীলঙ্কায় বিনিয়োগের আহ্বান জানান সে দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাত বাতিউদ্দীন। তিনি বলেন, পর্যটন, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিনিয়োগ করতে পারে। তিনি জানান, যৌথ অর্থনৈতিক ইউনিয়নের বৈঠকে পারস্পরিক বিনিয়োগ বাড়াতে উভয় দেশ রাজি হয়েছে। রিশাত জানান, দীর্ঘ তিন দশকের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর ২০০৯ সাল থেকে শ্রীলঙ্কায় আর এ ধরনের প্রবণতা নেই। এখন শ্রীলঙ্কা অবকাঠামো উন্নয়নে মনোযোগী হয়েছে। আর বাংলাদেশ এ সুবিধা নিয়ে বিনিয়োগ করতে পারে। তিনি কলম্বো ও হাম্বানটোটা সমুদ্রবন্দর ব্যবহারের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান। দুই দিনের বৈঠকে উভয় দেশের বাণিজ্য, শিল্প, কৃষি, নৌ, পর্যটন, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞানসহ আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, প্রায় ১৮ বছর পর দুই দেশের জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৩ সালে কলম্বোতে আগের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।