আগামী চার বছরে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ কোটি পাউন্ডে উন্নীত হবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে গতকাল রোববার এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক এম এ ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।ব্রিটিশ হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক অব্যাহত থাকায় বাণিজ্যিক লেনদেন বাড়ছে। সে অনুযায়ী ২০০৫ থেকে ২০১০ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়েছে প্রায় ৪২ শতাংশ। ফলে যুক্তরাজ্য এখন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার।এর আগে সকালে ব্রিটিশ হাইকমিশনার বন্দর ভবনে বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন আনওয়ারুল হক চৌধুরী, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান এবং সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।