বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিফার মতো একটি বাণিজ্য চুক্তি করতে আবারও আলোচনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলানি গত সপ্তাহে দুই দিনের জন্য বাংলাদেশে সফর করেছেন। কথা বলেছেন সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গত বুধবার তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহপ্রথম আলো: যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে টিফা চুক্তি করতে চায়। কিন্তু টিফা চুক্তি করা হলে এর কী কী সুফল পাওয়া যাবে?মাইকেল ডিলানি: কয়েক বছর আগে ২০০২ সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তির (টিফা) প্রস্তাব দেওয়া হয়েছিল। উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও সম্মৃদ্ধির জন্য এই চুক্তির প্রস্তাব দেওয়া হয়। কেননা যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশি পণ্যের বৃহত্তম একক গন্তব্য। এই চুক্তির মূল ধারণাটি হলো দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় নিয়মিত অর্থনৈতিক ফোরাম গঠন। এখানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ নিয়ে নিয়মিত আলোচনা হবে। বাণিজ্যসংক্রান্ত কোনো সমস্যা হলে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি বেশ ভালো ধারণা। কিন্তু মূল বিষয় হলো, এর শুরুটা কীভাবে হবে। আর কী ধরনের সংলাপ হবে। এখানে বাংলাদেশের স্বার্থ কীভাবে রক্ষা হবে সেটাও একটা বড় বিবেচনা। এই সফরে আমি বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তাঁদের বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এ ধরনের একটি ফোরাম গঠন করতে চায়।প্রথম আলো: আশঙ্কা করা হচ্ছে টিফার মতো চুক্তি হলে বাংলাদেশের সেবা খাতকে আরও উদার করতে হবে। আবার মেধাস্বত্ব নিয়ে কঠোরতার মধ্যে পড়তে হবে, যা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় পাওয়া ছাড়ের বিপরীত। মাইকেল ডিলানি: বাংলাদেশে এ ধরনের আশঙ্কাগুলো অমূলক। ডব্লিউটিও এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় স্বাক্ষর করেছে বাংলাদেশ। টিফা কিংবা যেকোনো ধরনের দ্বিপক্ষীয় চুক্তি ডব্লিউটিও কিংবা আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তির নিয়মাবলিও ডব্লিউটিও কিংবা অন্য কোনো আন্তর্জাতিক ফোরামের শর্তাবলিকে প্রভাবিত করে না। বাংলাদেশে মেধাস্বত্ব আইন বাস্তবায়নের বাধ্যবাধকতা ডব্লিউটিওর আওতায়ই পরিপালিত হবে। প্রথম আলো: তাহলে কি বাংলাদেশ সরকারের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে?মাইকেল ডিলানি: হ্যাঁ। সরকারের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন আলোচনায় টিফা নয়, বরং একটি ভিন্ন কাঠামো ও নতুন ব্যবস্থাপনার কথা হচ্ছে। সম্ভবত এটা টিফা হিসেবে বলা হবে না, ভিন্ন নাম ও ভিন্ন কাঠামো থাকবে। তবে একই ধরনের কার্যক্রম সম্পাদন হবে, উদ্দেশ্যও একই থাকবে। এটা হতে পারে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরাম।প্রথম আলো: এই ফোরাম গঠনের চুক্তি কবে নাগাদ সম্পাদন হতে পারে?মাইকেল ডিলানি: বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যেহেতু ভিন্ন কাঠামোর কথা বলা হচ্ছে তাই এর কৌশল কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এই আলোচনা নিয়মিতই হবে।প্রথম আলো: কী ধরনের শর্ত থাকতে পারে?মাইকেল ডিলানি: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে কোনো শর্ত দেওয়া হয়নি। তবে কোনো শর্ত থাকলে দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই চুক্তি হবে। এটি এক ধরনের সংলাপ ফোরাম। আশা করি এই চুক্তির বিষয় চূড়ান্ত করতে সামনের মাসগুলোতে অপেক্ষা করব।প্রথম আলো: দুই দেশই কি এই ধরনের চুক্তিতে লাভবান হবে?মাইকেল ডিলানি: হ্যাঁ। এ ধরনের চুক্তিতে দুই দেশই লাভবান হবে। যেকোনো ধরনের চুক্তিতে উভয় পক্ষকে লাভবান হতে হয়। এখানেও এর ব্যত্যয় হবে না।প্রথম আলো: বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়ে আসছে। কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশকে আর কত দিন অপেক্ষা করতে হবে?মাইকেল ডিলানি: আমরা দ্বিপক্ষীয় ভিত্তিতে শুল্ক কমাই না। অর্থাৎ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশকে শুল্ক ছাড় দেওয়ার সুযোগ নেই। তার পরও এটি নিয়ে আলোচনা হচ্ছে। এখন ডব্লিউটিওর দোহা আলোচনা পর্ব শেষ হলে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়ে একটা সমাধান হতে পারে।প্রথম আলো: দোহা আলোচনা কি এ বছর শেষ হবে? মাইকেল ডিলানি: আমি জানি না দোহা আলোচনা পর্ব এ বছর শেষ হবে কি না। তবে আমরা আশা করি এ বছরই তা শেষ হবে। এ থেকে এখনো বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।প্রথম আলো: বাংলাদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করতে গড়ে ১৫ শতাংশ হারে শুল্কারোপের মুখে পড়ে। কম্বোডিয়ার পণ্যের ক্ষেত্রে দিতে হয় ১৭ শতাংশ। অথচ একই সময়ে ফ্রান্স ও যুক্তরাজ্য এক শতাংশের কম হারে শুল্ক প্রদান করে। এটা কতটা যৌক্তিক?মাইকেল ডিলানি: বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করছে। সংশ্লিষ্ট পণ্য ফ্রান্স বা যুক্তরাজ্য থেকে সেই তুলনায় কম আসছে। আর যুক্তরাষ্ট্রের বহু খুচরা বিক্রেতা বাংলাদেশ থেকে পণ্য নিচ্ছে। শুল্ক না কমালেও বাংলাদেশ অনেক বেশি প্রতিযোগিতায় সক্ষম। বাংলাদেশের পণ্যের মানও বেশ উচ্চ। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাড়ছে। প্রথম আলো: বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ কতটা অনুকূলে? মাইকেল ডিলানি: বর্তমান সরকার ক্ষমতার আসার পর বিনিয়োগ পরিবেশ উন্নতির জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকৃষ্ট করতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা খুবই দরকার। যেকোনো দেশের পক্ষেই বিনিয়োগ আকৃষ্ট করা একটি চ্যালেঞ্জ। প্রস্তাবিত সংলাপ ফোরামে বাংলাদেশে বিদেশি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টি আসতে পারে, এর সুফলও পাওয়া যেতে পারে।প্রথম আলো: বাংলাদেশে শ্রমের মান ও কাজের পরিবেশ সম্পর্কে আপনার মতামত কী? মাইকেল ডিলানি: এ দেশে বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান শ্রমমান ও শ্রম অধিকার নিয়ে কাজ করছে। বাংলাদেশের শ্রমের মান ও কাজের পরিবেশ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। আমরা সব সময় উৎসাহিত করি শ্রমের মান ও কাজের পরিবেশ আরও উন্নত হোক, আরও আধুনিক হোক। বাংলাদেশ সরকার আমাদের আশ্বস্ত করেছে, তারা শ্রমমান ও কাজের পরিবেশ উন্নত করবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মানদণ্ড অনুসরণের বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে।