দ্রব্যমূল্য প্রতিবেশী দেশগুলোর চেয়ে কিছু কম: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতিপূর্ণ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিশ্বের প্রায় সব দেশই সমস্যায় আছে। চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বরং কম রয়েছে।বাণিজ্যমন্ত্রী গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁর সাম্প্রতিক জার্মানি সফরের অভিজ্ঞতা বিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, ভোজ্যতেল ও চিনির যে মজুদ রয়েছে, আগামী কুরবানির ঈদে তাতে কোনো সমস্যা হবে না। ওই সময় এ দুই পণ্যের দামও বাড়বে না। দাম বরং আরও কিছুটা কমতে পারে বলে তাঁর ধারণা।ফারুক খান বলেন, সংবাদমাধ্যম সব সময়ই একটা কথা বলে থাকে, আমদানি করা পণ্য বিশ্ববাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই দেশীয় বাজারেও বেড়ে যায়। কিন্তু দাম কমলে আর কমে না। এবার কিন্তু তা দেখা যাচ্ছে না। তিনি বলেন, বিশ্ববাজারে চিনির দাম কমার সঙ্গে সঙ্গে দেশীয় বাজারে তা কমেছে।বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য অনেক স্পর্শকাতর বিষয়। সরকার তাই সব সময়ই একে নিবিড় নজরদারিতে রাখে। সে কারণেই অনেক বিরোধিতা সত্ত্বেও চালান প্রথার (ডিও) বদলে পরিবেশক-পদ্ধতি চালু করা হয়েছে। এতে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীরা কেউ চালাকি করে পণ্যের বেশি দাম নিতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।আবার সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়ার দরকার রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এগুলোও বিবেচনার মধ্যে রাখা উচিত। সুতরাং এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যাতে শিল্প ধ্বংস হয়ে যায়।আবার ক্ষোভ প্রকাশ করে ফারুক খান এও বলেন, মাঝেমধ্যে ব্যবসায়ীরা এমন কাজ করেন, যা মোটেও গ্রহণযোগ্য নয়।জার্মানি সফরের অভিজ্ঞতা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে এই দেশই যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্যস্থল। কারিগরি জ্ঞানের দিক থেকে জার্মানির বিশ্বজোড়া খ্যাতির কথা উল্লেখ করে ফারুক খান বলেন, ‘জার্মানির সহায়তায় আমরা একটি বাংলাদেশ-জার্মানি বিশ্ববিদ্যালয় এবং একটি বাংলাদেশ-জার্মানি মৈত্রী এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দিয়ে এসেছি।’ফারুক খান বলেন, জার্মানির বিনিয়োগকারীরা বাংলাদেশের সন্তোষজনক বিনিয়োগ পরিবেশের কথা স্বীকার করেছেন। তাঁদের কাছে নতুন বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক, জাহাজ, ওষুধশিল্প এবং তথ্য ও প্রযুক্তি খাতে জার্মানিকে বিনিয়োগের আহ্বান জানিয়ে এসেছেন বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।বাংলাদেশের আহ্বানের পরিপ্রেক্ষিতে জার্মানির ব্যবসায়ীদের কেমন সাড়া পাওয়া গেছে, প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তাঁরা মূলত গ্যাস ও বিদ্যুতের সার্বিক পরিস্থিতির কথা জানতে চেয়েছেন। আমরা বলেছি যে আগের তুলনায় এ দুয়ের অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে। তাঁরা এতে আশ্বস্ত হয়েছেন।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জার্মানির বিনিয়োগকারীরা এ ছাড়া তৈরি পোশাক খাতে সোশ্যাল কমপ্লায়েন্স এবং শ্রমিকদের বেতন-ভাতা আগামী দুই বছরে ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানো হবে কি না জানতে চেয়েছেন। আমি বলেছি, এরই মধ্যে ৮০ শতাংশ কারখানায় ৮০ শতাংশ বেতন-ভাতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও তা বাড়ানোর সুযোগ রয়েছে।’উন্নয়নশীল দেশ হয়েও পাকিস্তান ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা পেতে চাইছে। বিষয়টিতে প্রতিবছর ভারত বিরোধিতা করলেও এবার সম্মতির কথা শোনা যাচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়েরই এক প্রতিবেদন বলছে, পাকিস্তান জিএসপি পেলে বাংলাদেশ ৮০ কোটি মার্কিন ডলারের বাজার হারাবে।সাংবাদিকেরা বাণিজ্যমন্ত্রীর কাছে এসব তথ্য তুলে ধরলে তিনি বলেন, পাকিস্তানের পক্ষে ভারতের সম্মতি দেওয়ার বিষয়টি তাঁর অজানা। তবে বাংলাদেশ এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে।ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির কাছে ‘সরকার পরিচালনায় সফল না হলে আগামীতে জেলে যেতে হবে’ শীর্ষক এক মন্তব্যের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী। উইকিলিকসের তারবার্তার সূত্র ধরে সম্প্রতি গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। ফারুক খান বলেন, ‘দায়িত্ব নেওয়ার শুরুর দিকেই মরিয়ার্টি জানতে চেয়েছিলেন, আমরা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারব কি না। আমি বলেছি, সেটা তো অনেক দূর। আর দল যদি ক্ষমতায় না আসে..., আমাদের দেশের যা রাজনীতি।’ফারুক খান উইকিলিকসকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন।