এ সপ্তাহের সাক্ষাৎকার: পবিত্র রমজান মাস আসতে না-আসতেই বাজারে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যায়। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরাই বেশি দায়ী

প্রথম আলো: রমজান মাস সামনে রেখে এবার মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন?
আব্দুর রাজ্জাক: রমজান মাসে জনসাধারণ যেন কম দামে পণ্যসামগ্রী কিনতে পারেন, সে জন্য সরকার ও আমরা ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে থাকি। এবারের প্রস্তুতি বেশ ভালো। আর তাই গতবার যেমন সয়াবিন ও চিনি নিয়ে ব্যাপক আলোচনা ছিল, এবার ভালো মজুত থাকায় তেমনটা হয়নি। তা ছাড়া আমদানি করা ছোলা নিয়ে অনেকগুলো জাহাজ একই সঙ্গে বন্দরে এসেছে। তাই ছোলার দাম এ বছর ঠিক আছে। অন্যদিকে আদা, রসুন ও বিভিন্ন ধরনের ডালের পর্যাপ্ত মজুত আছে। তাই এসব পণ্যের দাম বাড়েনি, উল্টো কমেছে। অবশ্য পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। পাইকারি বাজারে গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৩২ ও বিদেশি পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। চলতি সপ্তাহে দাম বেড়ে যথাক্রমে ৪৫ ও ৪০ টাকা হয়ে গেছে।
প্রথম আলো: কিছু ব্যবসায়ী নেতা সব সময় অভিযোগ করেন, রমজান মাসে ভোক্তারা একসঙ্গে বেশি বেশি পণ্য কেনেন। এই অতিরিক্ত চাহিদার জন্যই দাম বাড়ে। অভিযোগটির কি কোনো সত্যতা আছে?
আব্দুর রাজ্জাক: অভিযোগটির সত্যতা আছে, আবার নেই। প্রয়োজনের তুলনায় বেশি কিনলে বাজারে তো একটু প্রভাব পড়েই। কারণ, ভোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদা যোগ করলে বিরাট ব্যাপার হয়। আবার ব্যবসায়ীরা সবকিছুর ঊর্ধ্বে নন। তাঁরা সব সময় চান মুনাফা করতে। তাই সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেন। তবে এত কিছুর পরও সরবরাহব্যবস্থা ঠিক রাখতে পারলে কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয়।
প্রথম আলো: বাণিজ্য মন্ত্রণালয় খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনির দাম ৪৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। তবে খুচরা ব্যবসায়ীরা সেটি মানছেন না। রাজধানীর বাজারগুলোতে চিনি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। সমস্যাটা কোথায়?
আব্দুর রাজ্জাক: পাইকারি ব্যবসায়ীরা মন্ত্রণালয়ের নির্ধারিত দামেই বিক্রি করেছেন। এখানে কোনো সমস্যা নেই। আসলে খুচরা ব্যবসায়ীরাই দাম বাড়ান। কোনো নিয়ন্ত্রণব্যবস্থা না থাকার সুযোগের অসদ্ব্যবহার করে দাম বাড়িয়ে দেন। তবে কাঁচামালের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির জন্য দায়ী পাইকারেরা। অধিকাংশ কাঁচামাল পচনশীল। পচে যাওয়া পণ্যের ক্ষতি পুষিয়ে নিতে কিংবা জোগানের কিছুটা ঘাটতি দেখা দিলে দাম বাড়িয়ে দেন তাঁরা। এটা সাময়িকভাবেই বেশি হয়, দীর্ঘ মেয়াদ নয়।
প্রথম আলো: দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সমিতিগুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে?
আব্দুর রাজ্জাক: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনশীল রাখতে সপ্তাহ খানেক আগে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে খুচরা ব্যবসায়ীদের ১০ শতাংশের বেশি মুনাফা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবহন খরচ যুক্ত থাকবে। একই সঙ্গে দোকানে ক্যাশ মেমো রাখার কথা বলা হয়েছে। বিষয়টি পরিপালন করা হচ্ছে কি না, সে জন্য মন্ত্রণালয় ও এফবিসিসিআইয়ের পৃথক দল তদারক করছে। মৌলভীবাজার সমিতির একইভাবে তদারকের কাজটি করছে। প্রতিদিনই সমিতির পক্ষ থেকে বাজারে মাইকিং করে খুচরা ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে।
প্রথম আলো: কোনো উদ্যোগেই তো দাম স্থিতিশীল রাখা যাচ্ছে না। এ ক্ষেত্রে কী করা উচিত?
আব্দুর রাজ্জাক: পেঁয়াজ ছাড়া এবার কিন্তু বেশির ভাগ ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল আছে। তবে সারা বছর কোনো তদারক না করে রমজান মাসে একসঙ্গে সব করতে চাইলে তেমন বড় কিছু হবে না। সরকারের পক্ষ থেকে সারা বছর যদি খুচরা বাজারে তদারকি ও কঠোর ব্যবস্থা নেওয়া যায়, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়তো সম্ভব হবে।
প্রথম আলো: মৌলভীবাজার বিভিন্ন ভোগ্যপণ্যের জন্য দেশের অন্যতম বড় পাইকারি ব্যবসাকেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের সবচেয়ে বেশি কোন সমস্যাটির মুখোমুখি হতে হয়?
আব্দুর রাজ্জাক: সমিতির দুই হাজার ৭০০ সদস্যের বাইরেও মৌলভীবাজারে আরও ছয় থেকে সাত হাজার ব্যবসায়ী আছেন। প্রতিদিন এখানে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ব্যবসা হয়। তবে যানজট আর পুলিশের হয়রানিতে ব্যবসায়ীরা প্রতিদিন নাজেহাল হোন। পণ্য পরিবহনে ভ্যান বা ট্রাকের সঙ্গে চালান থাকার পরও পুলিশ নানা কৌশলে পণ্য আটকে রাখে। মোটা অঙ্কের টাকা না দিলে রেহাই পাওয়া যায় না। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।
[সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার]