দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তদারকির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ।একই সঙ্গে তিনি বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআই তদারকি জোরদার করবে।গতকাল রোববার এফবিসিসিআই আয়োজিত ‘আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য পরিস্থিতি’ নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ সভাপতিত্ব করেন। তিনি সভা শেষে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ৪৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেন।এ কে আজাদ আরও বলেন, দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ৯৯ শতাংশ সৎ ব্যবসায়ী। মাত্র এক শতাংশ অসাধু ব্যবসায়ীর কারণে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে। এসব ব্যবসায়ীর কলঙ্কের দায়ভার সব ব্যবসায়ী নেবেন না বলে তিনি জানান।তা ছাড়া শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই সৎ ব্যবসায়ীদের যেকোনো সমস্যার সমাধানে সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু অসাধু ব্যবসায়ীদের পক্ষে কখনো এফবিসিসিআই থাকবে না এবং প্রয়োজনে ওই সব অসাধু ব্যবসায়ীর সব ধরনের ব্যবসায়িক সনদ (লাইসেন্স) বাতিল করতে সরকারকে সুপারিশ করবে।অন্যদিকে শীর্ষস্থানীয় পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, মিলের মালিকেরা সময়মতো পণ্য সরবরাহ করেন না। তাঁদের মতে, অনেক মিলমালিক আগামী ডিসেম্বরে পণ্য সরবরাহ করতে পারবেন অথচ সরবরাহ আদেশ (ডিও) এখন বিক্রি করছেন। তা ছাড়া বিক্রীত ডিও এবং সরাসরি সরবরাহ করা পণ্যের দামের ব্যবধান কম করে ২০০ টাকা। এ কারণে পণ্যের দাম বেড়ে যায়।পাইকারি ব্যবসায়ীরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সময়মতো পণ্য আমদানি করার সুপারিশ করেছেন।আবার অনেক ব্যবসায়ী নেতা বলেছেন, সরকারি সংস্থা টিসিবির কারণে অনেক সময় রমজানে পণ্যের দাম বাড়ে। কারণ তারা রমজানের আগে যে পরিমাণ পণ্য আমদানি ও সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়, বাস্তবে তা করে না। আর টিসিবি আমদানির ঘোষণা দেওয়ায় আমদানিকারকেরা আমদানি কিছুটা কমিয়ে দেন।ব্যবসায়ী নেতারা ব্যাখ্যা করে বলেন, পণ্য আমদানির ঘোষণা দিয়েও বাস্তবে টিসিবি পণ্য আমদানি করে না। আবার অন্যদিকে ব্যবসায়ীরাও আমদানি করেন না। এ কারণে চাহিদার তুলনায় জোগান কমে দাম বেড়ে যায়। তাই ব্যবসায়ীরা বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে টিসিবিকে হয় সক্রিয় করা হোক, না হলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক।রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এই সভায় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক আবু আলম চৌধুরী, গোলাম মোস্তফা তালুকদার, আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন, এম এ মোমেন, রব্বানী জব্বার, মনোয়ারা হাকিম আলী, কে এম আখতারুজ্জামানসহ দেশের শীর্ষস্থানীয় পাইকারি ব্যবসায়ী ও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারের নেতারা উপস্থিত ছিলেন।এ কে আজাদ বলেন, দেশে পণ্যের মজুদ, সরবরাহ ও চাহিদার সঠিক তথ্য পাওয়া যায় না। এ জন্য এখন থেকে এফবিসিসিআই এসব তথ্য সংগ্রহ করবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি রেখে যেসব ব্যবসায়ী অতি মুনাফা করেন, তাঁদের সঙ্গে এফবিসিসিআই থাকবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ওই সব অসাধু ব্যবসায়ীকে প্রতিহত করা হবে। আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সৎ ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা করা হবে।চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, চিনির দর বর্তমানে স্থিতিশীল রয়েছে। রমজানে চিনির ঘাটতি যেন না হয় এবং বাজারদর যেন স্থিতিশীল থাকে, সে জন্য অতিরিক্ত পরিশোধিত চিনি আমদানির সুপারিশ করেন তিনি।ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, সব ধরনের ডালের দর স্থিতিশীল রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে আস্ত ছোলার দাম বেড়ে যাওয়ায় রমজানে কিছুটা বাড়তে পারে। তিনি ছোলার সরবরাহ বাড়ানোর সুপারিশ করেন।ইনডেনটিং সমিতির সহসভাপতি এনায়েত সিদ্দিকী বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী রজমানে কম খাওয়ার কথা। কিন্তু এ সময় অনেকেই অতিরিক্ত পণ্য কেনেন। তিনি ভোক্তাদের অতিরিক্ত দাম দিয়ে বেগুনসহ অন্যান্য পণ্য না খাওয়ার আহ্বান জানান।মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়াতে পারলে দ্রব্যের দাম বাড়বে না। তিনি টিসিবিকে প্রতিশ্রুতি দেওয়া পণ্য আমদানির আহ্বান জানান। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ঊর্ধ্বতন কর্মকতা এমদাদ হোসেন মালেক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে টিসিবিকে পুরোমাত্রায় চালু করতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, প্রতিবছর রজমানের আগেই টিসিবি বলে যে এক লাখ টন পণ্য আমদানি করবে। কিন্তু বাস্তবে এক ছটাকও আমদানি করে না। এতে পণ্যের সরবরাহ কম হওয়ায় দাম বেড়ে যায়।মহানগর ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি বলেন, দেশে প্রচুর খেজুর মজুদ রয়েছে এবং বেশ কিছু খেজুর অচিরেই দেশে চলে আসবে। ফলে রমজানে দাম বাড়বে না। তিনি রমজানে ফরমালিনমুক্ত ফল বিক্রির ঘোষণা দেন।