দ্রুত এগোচ্ছে রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী পণ্য রপ্তানি আয়ের এশিয়ার যে কয়টি দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, তার একটি বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ ১১তম অবস্থানে।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এশিয়ার দেশগুলোর পণ্য রপ্তানি আয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই পাঁচ বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে ৭৭ দশমিক ৫ শতাংশ। ২০১৩ সালে বাংলদেশের রপ্তানি আয় হয়েছে তিন হাজার ৬৯ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ডলার।
এসব তথ্য ‘দ্রুত রপ্তানি বৃদ্ধি পাওয়া এশিয়ার দেশগুলো’ শীর্ষক এক প্রতিবেদন থেকে পাওয়া। প্রতিবেদনটি তৈরি করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট নামের একটি গবেষণা সংস্থা, যেটি বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির তথ্য-পরিসংখ্যান নিয়ে কাজ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটাবেইস, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের বাণিজ্য মানচিত্র এবং যুক্তরাষ্ট্রের সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
ওয়ার্ল্ডস টপ এক্সপোর্টের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে রপ্তানি বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানটি পূর্ব তিমুরের। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির রপ্তানি বেড়েছে ৪৪২ শতাংশ। অবশ্য দেশটির রপ্তানির পরিমাণ কম। দ্বিতীয় স্থানে থাকা তুর্কমেনিস্তানেরও রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি। এ তালিকায় থাকা এশিয়ার শীর্ষ ১২টি রপ্তানিকারী দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের চেয়ে বেশি রপ্তানি করে চীন, ভারত আর ভিয়েতনাম।
রপ্তানিকারকদের সংগঠন ইএবির সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘রানা প্লাজা ধস ও রাজনৈতিক অস্থিরতায় দেশের রপ্তানি শিল্প চ্যালেঞ্জিং সময় পার করছে। ফলে এ স্বীকৃতি বহির্বিশ্বে আমাদের ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে।’ তিনি এ-ও বলেন, ‘সরকার আবার গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে। এতে প্রতিযোগী দেশগুলোর চেয়ে আমাদের পণ্যের মূল্য বাড়বে। সক্ষমতাও কমবে। এ জন্য সরকারকে গ্যাস, বিদ্যুৎসহ অবকাঠামোসুবিধা নিশ্চিত করতে হবে। নীতিসহায়তা দিতে হবে।’
জানতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, ‘গুণগত মান ঠিক রাখা এবং দাম কম হওয়াই বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধির বড় কারণ। ভারত, ভিয়েতনাম, চীন, কম্বোডিয়াসহ আমাদের যেসব প্রতিযোগী দেশ আছে, তাদের সবার চেয়েই আমরা কম দামে পণ্য দিতে পারি। সে কারণে প্রতিবছরই দেশের রপ্তানি বাড়ছে।’
ইপিবির তথ্য অনুযায়ী, গেল ২০১৩-১৪ অর্থবছরে (২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত) রপ্তানি আয় হয়েছে তিন হাজার ১৭ কোটি ডলার বা দুই লাখ ৪১ হাজার ৩৬০ কোটি টাকা। এ রপ্তানি আয় আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি হয়েছিল দুই হাজার ৭০২ কোটি ডলারের পণ্য।
দুই দশকের বেশি সময় ধরে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। প্রতিবেদনটি তৈরির বছরে রানা প্লাজা ধসে মারা যান এক হাজার ১৩৮ জন পোশাকশ্রমিক। যদিও এর নেতিবাচক প্রভাব সামগ্রিক রপ্তানিতে খুব একটা পড়েনি। ইপিবির তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে সার্বিক রপ্তানির ৮১ দশমিক ১৭ শতাংশই (দুই হাজার ৪৪৯ কোটি ডলার) এসেছে তৈরি পোশাক থেকে। পোশাকের রপ্তানিও বেড়েছে আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৮৬ শতাংশ।
২০১৩ সালে বিশ্বব্যাপী বেশি রপ্তানি হওয়া পণ্য নিয়েও একটি প্রতিবেদন রয়েছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্টের। প্রধান ১৫টি রপ্তানিপণ্যের তালিকায় সর্বশেষ নামটি নিট পোশাক। বিশ্বে যত পণ্য রপ্তানি হয়, তার ১ দশমিক ২ শতাংশ হলো নিট পোশাক।
নিট পোশাক বাংলাদেশেরও প্রধান রপ্তানি পণ্য। ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ থেকে এক হাজার ২০৪ কোটি ডলারের নিট পোশাক আর এক হাজার ২৪৪ কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়।
বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তবে ইউরোপীয় ইউনিয়ন ধরলে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী হলো ভারত, ভিয়েতনাম আর কম্বোডিয়া। এ তিনটি দেশই গত পাঁচ বছরে বাংলাদেশের চেয়ে বেশি হারে পণ্য রপ্তানি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এশিয়া থেকে বিশ্বব্যাপী বেশি পণ্য রপ্তানিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩। এ অঞ্চল থেকে বিশ্বে যত পণ্য রপ্তানি হয়, এর শূন্য দশমিক ৪ শতাংশ যায় বাংলাদেশ থেকে। এ তালিকায় শীর্ষে আছে চীন। এশিয়ার মোট রপ্তানির ৩২ শতাংশই চীন করে থাকে।
বিভিন্ন দেশের চিত্র
দেশ রপ্তানি ২০১৩ বৃদ্ধির হার
পূর্ব তিমুর ৫৬.৭৩ ৪৪২%
তুর্কমেনিস্তান ১,১৩৫ ৪০৬%
জর্জিয়া ২৯১.৯২ ১৫৬.৬%
ভিয়েতনাম ১৩,৮১০ ১৪১.৯%
উত্তর কোরিয়া ৩৫৪.৬৩ ১৩৬.৯%
মালদ্বীপ ১৬.৮৪ ১১৯.৭%
লাউস ৩১১ ১১৯%
কম্বোডিয়া ১,০২১ ১০৪.৭%
ভারত ৩৩,৬৬১.১৩ ৯০.৪%
চীন ২,২১,০৫২.২৬ ৮৪%
বাংলাদেশ ৩,০৬৯.৩৪ ৭৭.৫%
আফগানিস্তান ৭০.৫২ ৭৪.৮%
* হিসাব কোটি ডলারে * বৃদ্ধির হার পাঁচ বছরের
সূত্র: ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট