দ্রুত নগরায়ণ স্বাস্থ্য ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণ দেশের নগর স্বাস্থ্য ব্যবস্থাপনায় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ও ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যঝুঁকি নিরসনে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।
‘বাংলাদেশের নগর স্বাস্থ্য’বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আজ পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পপুলেশন সায়েন্স বিভাগ ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল ও ইউএনএফপিএ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান বিভাবেন্দ্র সিং রঘু বংশী। সবার স্বাস্থ্য সুরক্ষায় ও মৌলিক অধিকার নিশ্চিত করতে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পরিকল্পনা প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মাকসুদ কামাল বলেন, বাংলাদেশে এখন দ্রুত নগরায়ণ হচ্ছে। ঘটছে শিল্পের সম্প্রসারণ। এতে মানুষের আয় বাড়ছে ঠিকই, কিন্তু অসংক্রামক রোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও জনসংখ্যাগত পরিবর্তন হচ্ছে। বর্তমানে দেশের ৪০ শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করছে। শহর এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৫ শতাংশ, যদিও দেশের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশের নিচে। তিনি আরও বলেন, দেশের বৃহত্তম নগরী রাজধানী ঢাকার জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। যেখানে অন্য পাঁচটি বিভাগীয় শহরের জনসংখ্যা ২৯ শতাংশ এবং ৩০৯টি পৌরসভা শহরের জনসংখ্যা ৩১ শতাংশ।
পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান রবিউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাইনুল ইসলাম প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন।