টিআইবির প্রতিবেদনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন দুর্নীতি চিহ্নিত
দ্রুত নিরীক্ষা আইন প্রণয়ন করার তাগিদ
দেশে দ্রুত নিরীক্ষা আইন প্রণয়ন ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে দ্বৈত ব্যবস্থাপনামুক্ত করে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরামর্শের প্রতি সমর্থন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, হিসাবরক্ষণ ও নিরীক্ষা—এ দুটি প্রতিষ্ঠান আলাদা হওয়া উচিত। এর মাধ্যমে দ্বৈত নিয়ন্ত্রণ দূর করতে হবে। দুটি প্রতিষ্ঠানের পৃথক্করণের সিদ্ধান্ত না হওয়ায় নিরীক্ষা আইনটি পাস হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, অনেক সময় হিসাব কার্যালয় (অ্যাকাউন্টস অফিস) আইনকানুন ঠিকমতো মেনে চলে না।রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সুশাসনের চ্যালেঞ্জ: উত্তরণের উপায়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)। এতে অর্থমন্ত্রী বলেন, এখন থেকে প্রতি অর্থবছরের শেষ মাসে (জুন) ২৫ শতাংশের বেশি বিল তুলতে পারবেন না ঠিকাদারেরা। এ ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘জুনে কাজ কম হওয়া উচিত। জুনে হওয়া উচিত হিসাব।’ আলোচনার শুরুতে টিআইবির পক্ষ থেকে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। যাতে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, সমস্যা ও সংকট এবং দুর্নীতির বিভিন্ন চিত্র উঠে আসে।অর্থমন্ত্রী বলেন, হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে মৌলিক কোনো পরিবর্তন হয়নি। ‘৮২-৮৩ সালে যে প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল এখনো তা দিয়েই প্রতিষ্ঠানটি চলছে। এর মানে এত বছর ধরে এই প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম অচল ছিল। এটা খুব ননসেন্স। অথচ সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া।’টিআইবির প্রতিবেদনে উঠে আসা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের দুর্নীতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ধারণা থেকে (পারসেপশান) টিআইবির প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর মানে দুর্নীতি যে প্রতিষ্ঠানটিতে আছে সেটা স্বীকার করতে হবে। অনেক সময় আমরা পারসেপশানের ওপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনের বিষয়টি বুঝি না বলে টিআইবির প্রতিবেদন নিয়ে হইচই করি। তবে দুর্নীতির হার নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু পারসেপশানটাকে মেনে নিতে হবে।’ দুর্নীতি দূর করতে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের জন্য ন্যায়পাল নিয়োগের সুপারিশের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ন্যায়পাল একটি অপ্রয়োজনীয় পদ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য কর ন্যায়পাল নিয়োগ করে আমরা দেখেছি না। উনার কথা কেউ শুনেন না। তাই সরকার দুর্নীতি কমাতে শুদ্ধাচার নীতিমালা করতে যাচ্ছে। এর আওতায় প্রত্যেক কার্যালয়ে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, বিগত সাত মাস হিসাব মহানিয়ন্ত্রকের পদটি খালি পড়ে আছে। তা নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থ মন্ত্রণালয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়টি নিজেদের প্রতিষ্ঠান হিসেবে মনে করে কি না, সেটাও প্রশ্নসাপেক্ষ। এই কার্যালয়টি দেখার জন্য মন্ত্রণালয়ে কোনো সেল নেই।দুর্নীতির পরিসংখ্যান: এদিকে টিআইবির প্রতিবেদনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের দুর্নীতির একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। তাতে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ ছাড়া প্রকল্প ও ঠিকাদারের বিল উত্তোলনের ক্ষেত্রে এক লাখ টাকার বিপরীতে ৫ থেকে ১০ শতাংশ, এক লাখ টাকার ওপর তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ১ থেকে দেড় শতাংশ, পাঁচ থেকে ২০ লাখ টাকার বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত, ২০ লাখ টাকার বেশি বিল উত্তোলনে শূন্য দশমিক ২০ থেকে শূন্য দশমিক ৫০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়। এ ছাড়া ঈদ ও পূজার সময় সর্বোচ্চ ১০ শতাংশ এবং মে-জুন মাসে বিল উত্তোলনের ক্ষেত্রে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ লেনদেন হয়।তবে সেমিনারে উপস্থিত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অনেকে ঘুষের এই হিসাবের সঙ্গে কিছুটা ভিন্নমত পোষণ করেন। তাঁরা হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নানা অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির লোকবল সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিবঞ্চিত হওয়ার বিষয়টি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।আলোচনা: অনুষ্ঠানে উপস্থিত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম বলেন, বছরের পর বছর ধরে অডিট কার্যক্রম চললেও এখন পর্যন্ত কোনো অডিট অ্যাক্ট নেই। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও এ আইনটি প্রণয়ন করা সম্ভব হয়নি। যদি নিরীক্ষা ঠিকমতো পরিচালিত হয় তাহলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।আতাউল হাকিম আরও বলেন, সাত-আট বছর ধরে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগবিধি আটকে আছে। যার কারণে নিয়োগ-প্রক্রিয়াও বন্ধ হয়ে আছে। সাংসদ তাজুল ইসলাম বলেন, মহাহিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের দুর্নীতির যে চিত্র তুলে ধরা হয়েছে তা দেশের সর্বত্র বিরাজমান। দেশের সব অঙ্গই দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। এই দুর্নীতি বন্ধে দরকার সমন্বিত উদ্যোগ। টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, দেশের সর্বত্র দুর্নীতিবাজ যেমন আছে তেমনি ভালো মানুষও আছে। দেশে এখনো কোটি কোটি ভালো ও সৎ মানুষ আছে বলেই বাংলাদেশ আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত হিসাব মহানিয়ন্ত্রক আনিসুর রহমান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক শাহাদ চৌধুরী প্রমুখ।