>

বেসিক ব্যাংকের অনিয়ম-দুর্নীতির নেপথ্য কাহিনি নিয়ে ২০১৩ সালের ১৪ জুলাই ওই ব্যাংকের তৎকালীন পরিচালক এ কে এম রেজাউর রহমান অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। বর্তমানে সোনালী ব্যাংকের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব রেজাউর রহমান তখন যেসব কথা বলেছিলেন, সেগুলো বলছেন এখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও। বেসিক ব্যাংকসহ ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে প্রথমআলোর সঙ্গে রেজাউর রহমান কথা বলেছেন
প্রথম আলো : বেসিক ব্যাংকের ভেতরকার অনিয়ম-দুর্নীতি নিয়ে পর্ষদ সদস্য হিসেবে আপনি একাই সোচ্চার ছিলেন? অন্যদের কেউ প্রতিবাদ করতেন না?
রেজাউর রহমান: ‘সোচ্চার’ শব্দটি আমার বেলায় তেমন প্রযোজ্য বলে মনে করি না। আসলে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের পর প্রথম সভার দিনটি থেকেই আমি বিব্রত বোধ করতে থাকি। আমাকে ওই দিন ব্যাংকের পক্ষ থেকে একটি ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। কিন্তু আমি কে, কোথা থেকে এসেছি, কী আমার অভিজ্ঞতা—এসব কিছু জানারও প্রয়োজন বোধ করেননি কেউ। আমি একটু অবাকই হই তখন। দেখি অন্য সদস্যদের সঙ্গে পরিচয়ের কোনো সুযোগ না দিয়েই পর্ষদ সভার কার্যক্রম শুরু হয়ে গেল।
প্রথম আলো : আপনি তখন কী করলেন?
রেজাউর রহমান : আমি আর কী করব, প্রথম দিন মাত্র পর্ষদ সভায় যোগ দিলাম। দেখি যে রীতিনীতির ধার ধারছেন না কেউ। নিয়ম হচ্ছে, শুরুতেই আগের কার্যবিবরণী অনুমোদন করতে হবে। কিন্তু আগের কার্যবিবরণী নিয়ে কোনো আলোচনাই নেই। সরাসরি নতুন বিষয় বিবেচনায় মনোনিবেশ করা হলো। ৪০ মিনিটের মধ্যে শুধু পাতা উল্টিয়ে ৮০টির বেশি বিষয় নিষ্পত্তি করা হয়।
প্রথম আলো : অন্য কেউ কোনো কথাই বলল না?
রেজাউর রহমান : কথা বলার লোক পাই পরবর্তী সভা থেকে। পরবর্তী সভায় নতুন পরিচালক হয়ে আসেন এ কে এম কামরুল ইসলাম। আমরা দুজনেই কার্যবিবরণী পর্ষদ সভায় উপস্থাপন ও অনুমোদন বিষয়ে জোরালো দাবি জানাতে থাকি। কামরুল ইসলাম এক সভা মুলতবি করার প্রস্তাবও করেন। বিস্ময়কর বিষয় যে কার্যবিবরণীতে এমন সিদ্ধান্তও থাকত, যা পর্ষদ সভায় উপস্থাপনই করা হয়নি।
প্রথম আলো : ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর বেআইনি কর্মকাণ্ড নিয়ে পর্ষদে লড়াই করেছেন। পরে অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখে জানিয়েছিলেন। মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছিল?
রেজাউর রহমান : তাঁর কর্মকাণ্ড নিয়ে পর্ষদে লড়াই করেছি এমন কথা বলব না। বলব যে অস্বস্তিবোধ করেছি। আর সে জন্যই মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম। আল্লাহ জানেন, আপনারা কেমন করে তা ফাঁস করে দিয়েছিলেন। মন্ত্রণালয় প্রায় চার মাস পর আমাকে ও কামরুল ইসলামকে বেসিক ব্যাংক পর্ষদ থেকে অব্যাহতি দিয়ে যথাক্রমে সোনালী ও জনতা ব্যাংকের পর্ষদ সদস্য নিয়োগ করে। এ নিয়োগ আমাকে উজ্জীবিত করেছে।
প্রথম আলো: ব্যাংকের পর্ষদে ঋণ প্রস্তাব এলে পরিচালকদের কোন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা উচিত?
রেজাউর রহমান : কী ধরনের প্রকল্পের জন্য ঋণ প্রস্তাবটি করা হয়েছে, সবার আগে তা দেখতে হবে। অর্থাৎ জাতীয় আর্থসামাজিক প্রেক্ষাপটে এই প্রকল্প কতটুকু ভূমিকা রাখতে পারবে। দ্বিতীয়ত দেখতে হবে কর্মসংস্থান সৃষ্টি হবে কি না। তৃতীয়ত, ঋণ গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সক্ষমতা আছে কি না, বা প্রয়োজনীয় জামানত আছে কি না।
প্রথম আলো : ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতি ধরতে কেন্দ্রীয় ব্যাংক আরও কীভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? বেসিক ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ওই ভূমিকা রেখেছিল?
রেজাউর রহমান : আপনার প্রশ্নের প্রথম অংশের জবাবটি চট করে দেওয়া সম্ভব নয়। তা ছাড়া আমি এ বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তিও নই। তবে এটা তো ঠিক, বেসিক ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকই তাদের অনুসন্ধানের মাধ্যমে জাল-জালিয়াতির ঘটনা বিশেষ করে পর্ষদের মাধ্যমে যে নিয়মনীতিবহির্ভূত ঋণ অনুমোদন হয়েছিল, সেসব তথ্য উদ্ঘাটন করেছিল। এ-সংক্রান্ত একটি মেমো থেকেই আমি জানতে পেরেছিলাম যে আমার যোগ দেওয়ার আগে ২০১২ সালের অক্টোবর মাসে একটি মাত্র পর্ষদ সভায় ১৩টি ঋণপ্রস্তাব অনিয়মিতভাবে অনুমোদিত হয়। যেটাকে আমি লজ্জাজনক ও বিস্ময়কর বলে উল্লেখ করেছিলাম।