
টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আন্ত-আঞ্চলিক বাণিজ্য বাড়াতে হবে। বর্তমানে এই সহযোগিতার বিষয়গুলো সমন্বয় করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক উদ্যোগ নেই। এ অবস্থার উত্তরণে জরুরি ভিত্তিতে সমন্বিত আঞ্চলিক দৃষ্টিভঙ্গি দরকার। এ ছাড়া প্রতিটি দেশকে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের দিকেও জোর দিতে হবে।
গতকাল শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনব্যাপী ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এশীয় দেশগুলোর অংশীদারত্ব’ শীর্ষক বিশেষজ্ঞ দলের সভার উদ্বোধনী অধিবেশনের মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। মহাখালীর ব্র্যাক সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এই অধিবেশনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মহাদেশগুলোর বিবর্তনশীলতার কারণে এশিয়া খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এসব দেশের সমস্যা প্রায় সব একই রকম, তাই টেকসই উন্নয়নকে নীতির সঙ্গে সমন্বয় করতে হবে। বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে এসব দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার। আগামী দিনে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কীভাবে এই আলোচনা হবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আঞ্চলিক সহযোগিতার উদাহরণ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শ্রমিকেরা যাতে অপেক্ষাকৃত উন্নত দেশের শ্রমবাজারে প্রবেশ করতে পারেন, সে জন্য বিদ্যমান কড়া আইনকানুন শিথিল করতে হবে। আজকেও (গতকাল) পত্রিকায় দেখলাম, আন্দামান সাগরে মানুষ ভাসছে। মানুষের এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। তবেই আমাদের মতো দেশগুলোর অর্থনীতি সত্যিকারভাবে বেগবান হবে। এর ফলে দক্ষিণের সঙ্গে উত্তরের দেশগুলোর সত্যিকারের সৌহার্দ্য স্থাপিত হবে।’
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়ং নিজ দেশের উদাহরণ দিয়ে বলেন, ‘শুধু রাজস্ব খাতে সংস্কার করে কোনো ধরনের করারোপ না করেই ১৯৬৬ সালের তুলনায় ১৯৬৭ সালে দক্ষিণ কোরিয়ায় রাজস্ব আহরণ ৭০ শতাংশ বেড়ে যায়।’
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বলেন, বাংলাদেশের প্রবাসী আয় এবং তৈরি পোশাক রপ্তানি বিশ্ব অর্থনীতির উত্থান-পতনের সঙ্গে সম্পর্কিত বলে দীর্ঘ মেয়াদে তা টেকসই নাও হতে পারে। বাংলাদেশের মতো দেশকে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও আঞ্চলিক বাণিজ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে নতুন প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংককে ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় অর্থায়নে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ সালমান জায়দী, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান, ইউএন মিলেনিয়াম ক্যাম্পেইনের উপপরিচালক সেরিং ফালু জিয়ে প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জোগানবিষয়ক একটি বিশ্ব সম্মেলন আগামী ১৩-১৫ জুলাই ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দাবি উপস্থাপনের জন্য প্রস্তুতিপর্ব শুরু হলো সিপিডি আয়োজিত দুই দিনব্যাপী বিশেষজ্ঞ দলের এই সভায়। এ সভার সহ-আয়োজক এন্ড প্রভার্টি ২০১৫ ও সাউদার্ন ভয়েস।
পিপিপি: দিনের একটি কর্ম অধিবেশনে বক্তারা বলেন, সরকারি বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় অবকাঠামো খাতের বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থায়ন একটি বড় সমস্যা। এ ধরনের প্রকল্পে অর্থায়নের জন্য ব্যাংকের বাইরে বিকল্প যেসব ব্যবস্থা থাকা দরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তা এখনো ততটা শক্তিশালী নয়। বাংলাদেশের ক্ষেত্রে অর্থায়নের এই সমস্যা আরও প্রকট।
দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতায় পিপিপি শীর্ষক এ অধিবেশনের মূল প্রবন্ধে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পিপিপির অর্থায়নের বড় উৎস ব্যাংক ঋণ। কিন্তু অবকাঠামো খাতের দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলো আগ্রহ দেখাচ্ছে না। এ ছাড়া উচ্চ সুদে ব্যাংক ঋণ নিয়ে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও খুব বেশি আগ্রহ নেই।
মূল প্রবন্ধটি উপস্থাপন করেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিমরিত কাউর। নির্ধারিত আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো এইচ কে হং, ইন্দোনেশিয়ার বোগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক দেদি বুদিমান হাকিম।
অনুষ্ঠানে মাহবুব আহমেদ বাংলাদেশের পিপিপি উদ্যোগের সর্বশেষ বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এ বিষয়ে একটি আইন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে।