বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্প এলাকায় অবস্থান নিশ্চিত করা, দাতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ভূমি অধিগ্রহণে জটিলতা নিরসনসহ বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল বুধবার বিদেশি সহায়তা ব্যবহারকারী শীর্ষ ১০টি মন্ত্রণালয়ের সঙ্গে পরিকল্পনা কমিশনের বৈঠকে প্রকল্প পরিচালকদের এসব নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এতে সভাপতিত্ব করেন।এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পনাসচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মোজ্জাম্মেল হক খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকেরা বৈঠকে অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্প পরিচালকদের তাঁদের প্রকল্প এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। আইএমইডির পরিদর্শনে কোনো পরিচালককে প্রকল্প এলাকায় অবস্থান করতে না দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আবার ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর অর্থ পুরোপুরি খরচের জন্য সংশ্লিষ্ট দাতা দেশ ও সংস্থার সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে, তা আরও ভালোভাবে বিশ্লেষণ করে কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্প পরিচালকদের তাগিদ দেওয়া হয় বৈঠকে।বৈঠকে প্রকল্প পরিচালকেরা প্রকল্প অনুমোদনের সময়সীমা আরও কমানোর দাবি জানান। তাঁরা অভিমত দেন, প্রকল্প অনুমোদন-প্রক্রিয়া দীর্ঘতর হওয়ায় প্রকৃত অর্থে বাস্তবায়নের সময় কমে যায়।বৈঠক শেষে আইএমইডির সচিব মোজ্জাম্মেল হক খান বলেন, বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন করতে না পারলে দাতাদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এডিপি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব, আর এর দায়িত্ব সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের।এদিকে বৈঠকে অংশ নেওয়া ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সামষ্টিক অর্থনীতি এখন কিছুটা চাপের মধ্যে রয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে বেশি অর্থের জোগান দেওয়া হচ্ছে। তাই বিদেশি উৎস থেকে অর্থ প্রবাহ বাড়াতে পারলে স্থানীয় অর্থের ওপর চাপ কমবে।এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট বিদেশি সাহায্যের ৭ শতাংশ বা এক হাজার ৩০৭ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। এ বছর এডিপিতে বিদেশি সহায়তার প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা। চলতি এডিপিতে ১৭১টি প্রকল্প বিদেশি সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে। অর্থছাড় কমেছে: চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) গত বছরের একই সময়ের তুলনায় কম অর্থছাড় করেছে দাতারা। ইআরডি সূত্রে জানা গেছে, জুলাই-অক্টোবর সময়ে মাত্র ৩২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার ছাড় করেছে দাতারা। আর গত বছর একই সময়ে ছাড়ের পরিমাণ ছিল ৪৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার ডলার। আবার আলোচ্য সময়ে বিদেশি সাহায্যের প্রতিশ্রুতি ছিল ১৮৪ কোটি ৩০ লাখ ডলারের। আর গতবার একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ১৭৭ কোটি ৭৩ লাখ ডলার। আলোচ্য সময়ে সরকার সুদাসল বাবদ ঋণ পরিশোধ করেছে ৩২ কোটি ১১ লাখ ডলার। গত অর্থবছর একই সময়ে পরিশোধ করেছে ২৮ কোটি ৭৪ লাখ ডলার।