দ্রুত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে বাংলাদেশে বিরাজমান অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পরামর্শ দিয়েছেন দেশীয় শিল্প উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, পরিকল্পিতভাবে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে বাংলাদেশ ২০১৪ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে। এ ক্ষেত্রে চীন, ভারত, ফিলিপাইন, কেনিয়া, সিঙ্গাপুর ও ডমিনিকান রিপাবলিকের মডেল বাংলাদেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।ঢাকার একটি হোটেলে গত রোববার আয়োজিত ‘ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা: নতুন অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফার্মের (বিআইসিএফ) সহায়তায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এ বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবদুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বৈঠকে স্বাগত বক্তব্য দেন ডিসিসিআইর সভাপতি আসিফ ইব্রাহিম। আরও বক্তব্য দেন বিশ্বব্যাংক গ্রুপের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাফরুল ইসলাম, আইএফসির আঞ্চলিক বিজনেস লাইন লিডার পারমিতা দাসগুপ্ত, বিশ্বব্যাংকের বেসরকারি খাত উন্নয়নবিষয়ক ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জি এম খুরশিদ আলম, ডিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট আবুল কাশেম খান বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএফের প্রোগ্রাম ম্যানেজার মার্টিন নরম্যান।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে দক্ষ ও টেকসই শিল্প খাত গড়ে তোলার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, দেশীয় শিল্প উদ্যোক্তা, প্রবাসী বাঙালি ও বিদেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দিয়ে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তোলা হচ্ছে। এসব এসইজেডে উত্পাদিত পণ্য বিদেশে রপ্তানি ছাড়াও অভ্যন্তরীণ বাজারে বিক্রির অনুমতি থাকবে। দেশে আর কোনো ইপিজেড গড়ে তোলা হবে না বলে তিনি উল্লেখ করেন। বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি বিসিক শিল্পনগরগুলোর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।