ভারতে কাঁচা পাট ও পাটপণ্য রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিষয়টিকে ‘স্পর্শকাতর’ উল্লেখ করে দ্রুত কূটনৈতিকভাবে এর সুরাহা করতে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর কাছে গতকাল রোববার চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।
পাট মন্ত্রণালয় বলছে, হুট করে ভারতের পাট কমিশনের জারি করা আদেশটি দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তির (সাফটা) মূল উদ্দেশ্যের পরিপন্থী। এর ফলে দেশের পাটশিল্প সমস্যায় পড়বে।
জানতে চাইলে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। কারণ একদিকে সামনে ঈদ। অন্যদিকে ভারতের অনেক অর্ডার এখানে আছে। পাইপলাইনে অনেক এলসি আছে (ঋণপত্র খোলা হয়েছে, কিন্তু নিষ্পত্তি খোলা হয়নি)। এ অবস্থায় এমন সিদ্ধান্তের কারণে দেশের পাটকলমালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। সে জন্য বিষয়টির কূটনৈতিক সুরাহা করার জন্য ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে আমরা আজই চিঠি পাঠিয়েছি।’
এদিকে পাটপণ্য রপ্তানিকারকদের একাধিক সূত্র জানিয়েছে, জুট কমিশনারের জারি করা আদেশের স্থগিতাদেশ চেয়ে ভারতের আদালতে আজ সোমবার রিট করতে পারেন সে দেশের পাটপণ্য আমদানিকারকেরা। এ বিষয়ে আইনজীবীর সঙ্গে গতকাল রোববার তাঁরা আলাপও করেছেন। বিষয়টি এ দেশের পাটকলমালিকদেরও জানিয়েছেন তাঁরা।
এদিকে দেশের পাটপণ্য রপ্তানিকারকদের জন্য একটি সুখবরও আছে। আমাদের যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে পাটপণ্যবাহী ৪১টি ট্রাক ভারতে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ভারতের পাট করপোরেশন বলেছে যে ৯ সেপ্টেম্বরের আগে এলসি নিষ্পত্তি হওয়া পাটপণ্যের চালান সে দেশে ঢুকতে পারবে। তার ভিত্তিতেই গতকাল পাটপণ্যবাহী ট্রাকগুলো ভারতে গেছে।
ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের আওতাধীন পাট কমিশনারের কার্যালয় গত বৃহস্পতিবার এক আদেশে সে দেশের সব আমদানিকারকের লাইসেন্স বাতিল করে দেয়। সঙ্গে বেশ কিছু কড়া শর্তও আরোপ করে।
পাট মন্ত্রণালয় সূত্র বলছে, ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৬৫০ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে মাত্র ৫০ কোটি ডলারের পণ্য। এর ২০-২২ শতাংশই হচ্ছে পাট ও পাটপণ্য। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি আরও বাড়বে। চিঠিতে ভারতের পাট কমিশনারের জারি করা আদেশটিকে সাফটা চুক্তির মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গতকাল সকালে পাটকলমালিক ও পাটপণ্য রপ্তানিকারক সমিতিগুলোর নেতারা পাট প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে যান। ভারতে পাটপণ্যের রপ্তানি বন্ধ হয়ে যাওয়া নিয়ে তাঁরা বৈঠক করেন।
পাট খাত-সংশ্লিষ্টরা জানান, পাট প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি তাঁদের নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কার্যালয়ে যান। সেখানে আরেক দফা বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের সঙ্গে এ নিয়ে মুঠোফোনে কথা বলেন। হাইকমিশনারও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন।