করের আওতা ও হার বাড়ানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘সরকার দিনবদলের সনদ বাস্তবায়নের কথা মাথায় রেখে এগোচ্ছে। এ জন্য অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে গেলে রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই।’রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ২০১০-১১ সালের বাজেট পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশে ধনী লোকের সংখ্যা বেড়েছে। কিন্তু সেই হারে সরকারের রাজস্ব আহরণ বাড়েনি। তাই অভ্যন্তরীণ উৎপাদন খাতকেও কর দেওয়ায় অভ্যস্ত হয়ে উঠতে হবে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘দেশের তৈরি পোশাক শিল্পের মালিকেরা বছরে প্রায় ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার আয় করেন। কিন্তু এ খাত থেকে কর আহরণ হয় খুবই সামান্য। সামাজিক কল্যাণের কথা বিবেচনা করেও সবার কর দেওয়া উচিত।’বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফব পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরে প্রাক্কলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নির্ধারণ করেছে সাড়ে পাঁচ শতাংশ। তবে অর্থ মন্ত্রণালয় সংশোধিত জিডিপির প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে ধারণা দিয়েছে। তবে সিপিডির মতে, প্রবৃদ্ধি হয়তো সাড়ে পাঁচ শতাংশের বেশি হলেও ছয় শতাংশের নিচে থাকবে। এর কারণ হিসেবে বলা হয়, বছর শেষে রপ্তানিতে আট শতাংশ ও আমদানিতে ছয় শতাংশ হারে যে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে তা অর্জন সম্ভব নয়। এটা করতে হলে চলতি অর্থবছরের শেষ দুই মাসে এ দুটি খাতে যথাক্রমে ৪০ দশমিক ৭০ ও ৩৫ দশমিক ৫০ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে হবে, যা কোনোভাবেই সম্ভব হবে না। প্রবন্ধে আগামী অর্থবছরের জন্য নির্ধারিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করা হয়। আগামী অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৭। আলোচনা: ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, চলতি অর্থবছরের জিডিপি কী হবে সেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত নয়। জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান বিবিএস। তারা প্রাক্কলিত একটি লক্ষ্যমাত্রাও দিয়েছে। এর বাইরে অর্থ মন্ত্রণালয়ও একটি দিয়েছে। কিন্তু আন্তর্জাতিকভাবে বিবিএসের তথ্যই ব্যবহার করা হয়ে থাকে।তিনি আরও বলেন, আশির দশকে গড়ে চার শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। নব্বইয়ের দশকে হয়েছে পাঁচ শতাংশ হারে। এর পরের বছরগুলোতে গড়ে ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ, প্রবৃদ্ধির হার দুই শতাংশ বাড়তে (চার শতাংশ থেকে ছয় শতাংশ হতে) সময় লেগেছে ২০ বছর। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আগামী ছয় বছরে প্রবৃদ্ধির হার আট শতাংশে উন্নীত করতে হবে। কিন্তু গতানুগতিক অর্থনৈতিক নীতি অনুসরণ করলে এটা সম্ভব হবে না। প্রয়োজন সৃজনশীল নীতি নির্ধারণ।’তিনি বলেন, সাম্প্রতিককালে চীন, ব্রাজিলসহ যেসব দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে এসেছে তাদের সবাই নিজস্ব সৃজনশীল নীতির ওপর ভর করেই এগিয়েছে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মাহমুদ বলেন, সরকারের পরিসংখ্যানগত ও নীতি বিশ্লেষণে দুর্বলতা রয়েছে। তারপরও যে বাজেট দেওয়া হয়েছে তাতে অনেক চিন্তাশক্তি ও পরিশ্রম রয়েছে। সেমিনারের বক্তাদের বড় অংশই বাজেট বাস্তবায়নকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। মির্জ্জা আজিজও মনে করেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করা কঠিন হবে। রেহমান সোবহান তাঁর বক্তব্যে বলেন, ‘এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে সবাই সংখ্যাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু এডিপি বাস্তবায়ন থেকে কী ফলাফল পাওয়া যাচ্ছে, সেটাই এখন দেখার বিষয়।’ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বাস্তবায়নই আসল কথা নয়। চেষ্টা করলে টাকা ব্যয় করা সম্ভব। কিন্তু ব্যয়টা গুণগতভাবে হচ্ছে কি না, এর থেকে সুফল পাওয়া যাচ্ছে কি না সেটাই আসল ব্যাপার।’ মশিউর রহমান বলেন, ‘আঞ্চলিক বৈষম্য দূর করতে গেলে বিশেষ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া উচিত। তবে সেটা এখন হয়নি।’ তিনি পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের শেষ পর্যায়ে অর্থমন্ত্রী বক্তাদের বিভিন্ন আলোচনার জবাব দেন। এ সময় তিনি বলেন, কয়েক মাসের মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করা হবে এবং জনগণের আলোচনার জন্য তা উন্মুক্ত থাকবে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্রুততার সঙ্গে বিদ্যুৎ-সংকট মোকাবিলার জন্য ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যেতে হয়েছে। কিন্তু এতে খরচ বেশি। তাই এগুলোর আয়ুষ্কাল তিন থেকে পাঁচ বছরের মধ্যে সীমিত করা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, কৃষি, তথ্যপ্রযুক্তি ও বিদ্যুৎ-জ্বালানি খাতের বরাদ্দের দিকে দৃষ্টি দেওয়া দরকার নেই। কারণ এসব খাতের প্রয়োজন অনুসারে বরাদ্দ বাড়ানো হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রমুখ।