ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজস্ব সংগ্রহ বাড়াতে হলে করের আওতা বাড়ানোর বিকল্প নেই। আর করের আওতা বাড়াতে হবে বড়লোকদের কাছ থেকে কর আদায়ের মাধ্যমে।
এরই অংশ হিসেবে ঢাকা ক্লাবসহ দেশের বড় বড় ক্লাবের সদস্য, গাড়ি ও বাড়ির মালিক এবং যাঁরা বাসায় এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার করেন, তাঁদের কথা আগে বিবেচনায় নিতে হবে।
দেশের অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এমন পরামর্শ দিয়েছে।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সংস্থাটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় এ পরামর্শ দেওয়া হয়। ইআরএফের সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় এতে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, পারভেজ ইকবাল, এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে বর্তমানে প্রায় ১৩ লাখ মানুষ কর দিয়ে থাকেন। তবে করদাতা শনাক্তকরণ নম্বরধারীÜ(টিআইএন) রয়েছেন প্রায় ১৮ লাখ।
ইআরএফের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, করের আওতা বাড়াতে আগে ধরতে হবে বড়লোকদের। বর্তমানে যত করদাতা কর দিচ্ছেন, তার চেয়ে তিন-চার গুণ বেশি লোকের করযোগ্য আয় রয়েছে। তাঁদের করের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন ক্লাবের সদস্যদের কথা বিবেচনায় রাখা যায়।
ইআরএফের সাবেক সাধারণ সম্পাদক আবু কাওসার বলেন, করের আওতা বাড়াতে হলে অভিজাত ক্লাবের সদস্যদের ওপর ‘সুপার ট্যাক্স’ আরোপ করতে হবে।
ইআরএফের সদস্য রাজু আহমেদ বলেন, কর আদায় বাড়াতে নজর রাখতে হবে অভিজাত এলাকায় প্লট ও ফ্ল্যাটের হস্তান্তর মূল্যের দিকে।
সংগঠনটির সাবেক সভাপতি জাকারিয়া কাজল বলেন, ভীতির কারণে অনেকে কর দিতে চান না। এই ভীতি দূর করার দায়িত্ব এনবিআরের।
আলোচনায় উঠে আসা পরামর্শগুলোর নোট নেন এনবিআরের চেয়ারম্যানসহ সদস্যরা। তবে কোনো পরামর্শের ব্যাপারেই কোনো মন্তব্য করেননি তাঁরা।