ধনীবান্ধব করনীতি দূর করার তাগিদ
বাংলাদেশের বিদ্যমান করনীতি ও কর আইন ধনীবান্ধব। পরোক্ষ করের আওতা বাড়িয়ে ও কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে এই বৈষম্য তৈরি করা হয়েছে, যা থেকে বেড়িয়ে আসতে হবে।‘বাংলাদেশের দরিদ্রবান্ধব করব্যবস্থা: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে গতকাল সোমবার বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।রাজধানীর সিরডাপ মিলনায়তনে সকালে সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ধারণাপত্র উপস্থাপন করেন সুপ্রর সমন্বয়কারী কাজী শফিকুর রহমান। ধারণাপত্রে বলা হয়, বাংলাদেশের মাথাপিছু আয়কর এক হাজার ৭৬৬ টাকা, সেখানে একজন ভিক্ষুককেও মাথাপিছু মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয় ২০১২ টাকা। এতে আরও বলা হয়, বাংলাদেশের আয়কর প্রদান করছে মাত্র ১২ লাখ, যা মোট জনসংখ্যার ১ শতাংশের কম। সেমিনারের সম্মানিত অতিথি ছিলেন সাংসদ খান টিপু সুলতান। বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল মান্নান, সুপ্রর ভাইস চেয়ারপারসন আহমেদ স্বপন মাহমুদ, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কামরুল হাসান চৌধুরী, অক্সফাম নভিবের প্রতিনিধি আসুন্থা চার্লস, উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান রাশেদ আল-মাহমুদ তিতুমীর প্রমুখ।