ধনী-গরিবের বৈষম্য কমানোই বাজেটের লক্ষ্য হওয়া উচিত
নতুন অর্থবছর শুরু হয়ে গেল। প্রতিবারের মতো এবারও উচ্চাভিলাষী লক্ষ্যের বাজেট দেওয়া হলো। কিন্তু বাজেটের সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্থমন্ত্রীর বাজেটটি কি পর্যাপ্ত অন্তর্ভুক্তিমূলক? কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে নেওয়া উদ্যোগগুলো কতটা কার্যকর ভূমিকা রাখছে? রাষ্ট্র কি গরিব মানুষকে পর্যাপ্ত সামাজিক সুরক্ষা দিতে পারছে? এমন প্রশ্ন অর্থনীতিবিদ, গবেষকদের মধ্যে ঘোরাফেরা করছে।
গতকাল মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত বাজেট আলোচনায় এ প্রসঙ্গগুলোই উঠেছে। আর এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টাও করা হয়েছে। এ বাজেট আলোচনায় বক্তারা বলেছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হলে অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন করতে হবে। বাজেটের মাধ্যমে যে অর্থ খরচ করা হয়, তা যেন গরিব মানুষের জীবনমানের উন্নয়ন ও কর্মসংস্থানে কাজে লাগে। আবার ধনী ও গরিবের বৈষম্য কমানোর যথেষ্ট উদ্যোগ থাকতে হবে। মৌলিক সুবিধাগুলো প্রাপ্তির নিশ্চয়তা আরও বাড়াতে হবে।
উল্লেখ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিনিয়োগ বাড়িয়ে অন্তর্ভুক্তিমূলক বাজেট করা যায়। কেননা, এসব খাতের সঙ্গে অধিকাংশ জনগোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। এ চারটি খাতে জিডিপির অনুপাতে কত শতাংশ বিনিয়োগ করতে হবে, তার সর্বজনীন কোনো পদ্ধতি নেই। তবে অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে একটি পদ্ধতি অনুসরণ করা হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জিডিপির ২ দশমিক ৬ শতাংশ (পেনশন ছাড়া), শিক্ষা খাতে ৪ শতাংশ, স্বাস্থ্যে ২ শতাংশ খরচ করলেই সেই বাজেটকে অন্তর্ভুক্তিমূলক বাজেট বলা হয়। আর কৃষি খাতের বরাদ্দ সরাসরি কৃষক ছাড়াও অন্য খাতের মানুষও পায়, তাই এই খাতের বরাদ্দ জিডিপির অনুপাতে বিবেচনা করা যায় না।
প্রসঙ্গত, বাংলাদেশে এসব খাতে বরাদ্দের ক্ষেত্রে অসংগতি রয়েছে। এখানে অনেক কম বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশে সামাজিক নিরাপত্তায় জিডিপির ১ দশমিক ৬ শতাংশ, শিক্ষা খাতে ২ দশমিক ২ শতাংশ এবং স্বাস্থ্য খাতে দশমিক ৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়।
এই প্রসঙ্গে পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমদ প্রথম আলোকে বলেন, ‘একবারে বরাদ্দ বাড়িয়ে অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন করা সম্ভব নয়। সেই সামর্থ্যও নেই। তাই পর্যায়ক্রমে বরাদ্দ বাড়িয়ে ধীরে ধীরে অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়ন করা উচিত। কেননা, অন্তর্ভুক্তি বাজেট প্রণয়ন করলে সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে বাজেটের সুফল পৌঁছানো সম্ভব।’
বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, এত অল্প বরাদ্দ দিয়ে মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে কর্মসূচিগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে, তাতে গরিব মানুষের পক্ষে এসব সেবা নেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিনায়ক সেন আরও মনে করেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে। কীভাবে প্রবৃদ্ধির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো যায়, ধনী ও গরিবের বৈষম্য দূর করা যায়—বাজেটে সেই ধরনের উদ্যোগ আরও বেশি থাকা উচিত। তিনি মনে করেন, দুর্নীতি কমানো গেলে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানো গেলে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কমানো সম্ভব।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল দরিদ্র মানুষ পুরোপুরি পাচ্ছেন না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তাঁর হিসাবে, বিদায়ী অর্থবছরে ১০২টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ছিল। এ বছর তা বাড়িয়ে ১৪২-এ উন্নীত করা হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এসব কর্মসূচিতে যারা সুবিধা ভোগ করে, তাদের ৬০ শতাংশই দরিদ্র নয়। এতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
দরিদ্র নয় এমন মানুষের কাছে সাধারণত দুভাবে সামাজিক সুরক্ষার সুবিধা পৌঁছে যায় । প্রথমত, সুবিধাভোগী চিহ্নিত করার ক্ষেত্রে দুর্বলতা। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী চিহ্নিত করার নিয়ম হলো, কোন শ্রেণির অপেক্ষাকৃত দরিদ্রতম ৪০ শতাংশ শিক্ষার্থীই এই বৃত্তি পাবে। বাস্তবে গড়পড়তায় সবাই এই বৃত্তি পেয়ে থাকে। ধনী-গরিব বিবেচনায় আনা হয় না। দ্বিতীয়ত, সুশাসনের অভাবের অর্থ লুটপাট হয়। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে গরিব দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে মজুরি দেওয়া হয়। বাস্তবে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী সাংসদ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা তাঁদের আত্মীয়স্বজন ও পছন্দের লোকদের মধ্যে কাজের বিনিময়ে খাদ্য বা মজুরির অর্থ ভাগ-বাঁটোয়ারা করে ফেলেন।
পিআরআইয়ের আলোচনা সভার সভাপতি জাকির আহমেদ খানও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জোর তাগিদ দেন। তিনি বলেন, ‘আমরা দারিদ্র্য কমাতে চাই। এ জন্য বাজেটে একটি পরিষ্কার চিত্র বা পরিকল্পনা থাকা উচিত। বাজেট উচ্চাভিলাষী নয়, লক্ষ্যগুলো উচ্চাভিলাষী। এই লক্ষ্য অর্জনই মূল চ্যালেঞ্জ।’
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর ব্রেকিং থিংকিং ইন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলীর হিসাবে বাংলাদেশে ৫০ থেকে ৫৫ হাজার কোটিপতি রয়েছেন। তাঁরা তাঁদের সম্পদ গোপন করে কর ফাঁকি দেন। তিনি প্রথম আলোকে জানান, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জুলাই মাস পর্যন্ত দ্বারে দ্বারে গিয়ে তথ্য অনুসন্ধান করে এই সমীক্ষাটি করা হয়েছে। এ ধরনের সমীক্ষা স্নোবল কৌশলে করা হয়। সমীক্ষায় ধনীদের ব্যবসা-বাণিজ্য, আচার-আচরণ, জীবনধারণ পদ্ধতি এসব বিবেচনায় করা হয়েছে। তিনি মনে করেন, ধনী ও গরিবের বৈষম্য কমাতে কালোটাকা উপার্জনের পথ বন্ধ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাব মতে, বাংলাদেশে সাড়ে পাঁচ হাজারের বেশি করদাতা রয়েছেন, যাঁদের দুই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। এ জন্য তাঁরা সারচার্জ দিয়েছেন।
বাংলাদেশে করযোগ্য আয়ধারী অনেক ব্যক্তি রয়েছেন। কিন্তু তাঁদের কাছ থেকে কর আদায় করা যাচ্ছে না। এসব করযোগ্য ব্যক্তির কাছ থেকে করা আদায়ের পরামর্শ দেন সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান খান।
অন্যদিকে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে দারিদ্র্য তথা ধনী-গরিবের বৈষম্য কমানোর পক্ষে কথা বলেন বিজনেস ইনেশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। তাঁর মতে, বর্তমানে জিডিপির ২১ শতাংশ বেসরকারি বিনিয়োগ রয়েছে। ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে বেসরকারি বিনিয়োগ আরও ৪-৫ শতাংশ বাড়াতে হব, যা টাকার অঙ্কে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। এই বিপুল বিনিয়োগ আনতে একদিকে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ সরবরাবহ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, বেসরকারি বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে। বেকারত্ব কমলে ধনী ও গরিবের মধ্যে বৈষম্যও কমে আসবে।
বনানী পিআরআই কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমদ, পরিচালন পরিচালক জি এম খুরশিদ আলম দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর উপস্থিত না থাকলেও তাঁর একটি প্রবন্ধ সভায় অংশগ্রহণকারীদের দেওয়া হয়।
তবে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ আলোচক পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন না। এ ছাড়া সভায় বেশির ভাগ বক্তাই বাংলাভাষী ও বাংলাদেশি। কিন্তু বক্তারা ইংরেজি ভাষায় বক্তব্য দেন।