ভারতে পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছিল। খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম চড়া। কিন্তু দেশটির পাইকারি বাজারে রাতারাতি পেঁয়াজের দাম কমে গেল ৩ থেকে ৫ রুপি।
কারণটাও মজার। ভারতের খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী রাম বিলাস পাশওয়ান সোমবার মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক বৈঠক শেষে দেশটির সব রাজ্য সরকারকে পেঁয়াজের মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। আর রপ্তানিমূল্য তো আগেই বাড়িয়েছে সরকার।
রপ্তানিমূল্য বাড়ানোর কারণে আমদানিকারকেরা আসছেন না। মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি—এই দুইয়ের জাঁতাকলে পড়ে মজুতকারীরা পেঁয়াজ নিয়ে ছুটছেন পাইকারি বাজারে। এতে এক দিনেই দাম কমে গেছে। ভারতের সবচেয়ে বড় পাইকারি বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে গতকাল মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ রুপিতে। আগের দিনই দাম ছিল ৫০ রুপির ওপরে।
কৃষি মন্ত্রণালয়ের হিসাবমতে, দেশে এ বছর ১৯ লাখ ৩০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২২-২৩ লাখ টন। অর্থাৎ মাসে পেঁয়াজের চাহিদা দুই লাখ টন। এখনো দেশি পেঁয়াজের প্রচুর মজুত আছে। এসব পেঁয়াজ বাজারে নিয়ে আসতে বাংলাদেশে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই প্রশ্ন ভোক্তাদের।
ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির বড় কারণ হলো দেশটিতে এবার উৎপাদন কম হয়েছে। দেশের চিত্র পুরোই উল্টো। ভালো ফলন
হওয়ার পরও পেঁয়াজের দাম বাড়ছে। ভারত থেকে বেশি দামে পেঁয়াজ আমদানি করার সুযোগ নিয়ে দেশে অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে দেশি পেঁয়াজের দাম। এটি দেখার যেন কেউ নেই।
ভারতীয় পেঁয়াজের প্রভাবে দেশের বাজারে গত সোমবার এক দিনের ব্যবধানে ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ২০ টাকা। ওই দিন প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫-৯০ এবং ভারতীয় পেঁয়াজ ৮০-৮৫ টাকায় বিক্রি হয়। গতকালও একই দামে পেঁয়াজ বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি বাজারে গতকাল এক পাল্লা দেশি পেঁয়াজ ৩৬০-৩৮০ টাকায় (কেজিপ্রতি ৭২-৭৬) বিক্রি হয়েছে। অথচ পাশের খুচরা বাজারে বিক্রি হয় ৮৫-৯০ টাকায়। বাজারের এই হাল, কিন্তু কোনো তদারকি নেই।
ভারতের প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৭০০ ডলার। কিন্তু টেকনাফের একজন আমদানিকারক গতকাল মিয়ানমার থেকে পেঁয়াজ কিনেছেন ৫৫০ ডলারে। প্রতি টনে ১৫০ ডলার কম।
টেকনাফের ব্যবসায়ীরা ১২৭ টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি করেছেন। আজ বুধবার আসবে আরও ২০০ টন। সব মিলিয়ে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শেষ করেছেন তাঁরা। এসব পর্যায়ক্রমে আসবে।
তবে এই পেঁয়াজ মোটেও যথেষ্ট না। মিয়ানমার থেকে আরও পেঁয়াজ আমদানি করা সম্ভব। টেকনাফের ব্যবসায়ীদের বেশি আমদানির সক্ষমতা নেই। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের তা করতে বলছে না কেউ।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান এ কে এম ইকবাল গতকাল খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। জানতে চেয়েছেন পেঁয়াজের কেন দাম বাড়ছে? খুব ভালো হতো যদি তিনি ভারতের দিকে চেয়ে না থেকে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিতেন।
{সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) ও টেকনাফ প্রতিনিধি}