ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ
দেশে পেঁয়াজের সংকটকে পুঁজি করে পণ্যটির দাম বাড়ানোর প্রবণতা চলছেই। একদিকে দেশি পেঁয়াজের মজুত একেবারে শেষ পর্যায়ে, অন্যদিকে ভারতেও উৎপাদন হয়েছে কম। সে কারণে দাম কয়েক দিন ধরেই বাড়ছে।এ অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার গত মঙ্গলবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। এর প্রভাবে বেড়ে গেছে দেশি পেঁয়াজের দামও। বড় পাইকারি বাজার ঢাকার শ্যামবাজারে গতকাল শনিবার ভারতীয় নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৭ থেকে ৪৮ টাকা কেজি। আর চট্টগ্রামের খাতুনগঞ্জে এর কেজি ৫০ টাকা ছুঁয়েছে। খুচরা বিক্রেতারাও পেঁয়াজ বিক্রি করছেন চড়া দামে। তাঁরা ভারতীয় প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ আর দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি করছেন। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে এক মাসের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম ৬১ শতাংশ আর দেশি পেঁয়াজের দাম ৩৩ শতাংশ বেড়েছে।আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পরবর্তী ফলন না ওঠা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরই দেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। তবে এক সপ্তাহের মধ্যে দেশটিতে নতুন ফসল ওঠার কথা রয়েছে।জানা গেছে, ঢাকার শ্যামবাজারে ভারতীয় নাসিক পেঁয়াজ চার দিন আগে ৩৭ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল তা ছিল ৪৭ থেকে ৪৮ টাকা। একই সময়ে চট্টগ্রামের খাতুনগঞ্জেও তা ৪১ থেকে ৪২ টাকা থেকে বেড়ে গতকাল ৫০ টাকায় উঠেছে।আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশি পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছে। যদিও আকারে ছোট হওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদা তুলনামূলক কম। ২৬ থেকে ৩০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ গতকাল শ্যামবাজারে ৩৫ থেকে ৪০ এবং খাতুনগঞ্জে ৩৭ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।খাতুনগঞ্জের সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী অসিত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সরবরাহ ও চাহিদার মধ্যে ব্যবধান বেড়েছে। সে কারণে দফায় দফায় দাম বাড়ছে।অন্যদিকে শ্যামবাজারের পাইকারেরা বলেছেন, নিষেধাজ্ঞার আগে যেসব ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল, সেগুলো দেশে আসবে। নতুন করে কোনো এলসি খোলা যাচ্ছে না। শনিবার (গতকাল) রাতে এমন দু-একটি চালান আসার কথা।শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, যে পেঁয়াজ আসবে, তার পরিমাণ খুবই সীমিত। এই পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো যাবে না।পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে সম্প্রতি ট্যারিফ কমিশন একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছে। তাতে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টন। আর চলতি ২০১২-১৩ অর্থবছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ লাখ ২৪ হাজার টন। দেশে পেঁয়াজের চাহিদা বছরে ২২ লাখ টন। সে হিসাবে ঘাটতি সাড়ে তিন লাখ টন।কমিশনের মতে, দেশে পেঁয়াজের উৎপাদন মৌসুম জানুয়ারিতে শুরু হয়ে মার্চে শেষ হয়। প্রতি মাসে পেঁয়াজের চাহিদা এক লাখ ৮০ হাজার টন। সে হিসাবে দেশি উৎপাদন দিয়ে চাহিদার ১০ মাস মেটানো সম্ভব। গত বছরের উৎপাদন মৌসুম ধরে হিসাব করলে দেশি মজুত এখন প্রায় শেষ। সেদিক থেকে বাকি দুই মাসে চাহিদার ৯০ শতাংশই পূরণ করতে হবে আমদানি করা পেঁয়াজ দিয়ে। এই আমদানি-নির্ভরতাই পেঁয়াজের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির একটি বড় কারণ।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারির পর থেকে ভারতে পেঁয়াজের মূল্য মানভেদে প্রতি টনে ২০ থেকে ৮০ ডলার পর্যন্ত বেড়েছে। ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী, রপ্তানিকারক দেশে যে হারে পেঁয়াজের দাম বেড়েছে, এ দেশের আমদানিকারকেরা তার চেয়ে কম দামে ঋণপত্র (এলসি) খুলেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে কমিশন দেখেছে, জানুয়ারি মাসে প্রতি টন পেঁয়াজের গড় আমদানিমূল্য ছিল ২২০ ডলার। আর ডিসেম্বরে এলসি খোলা ও তা নিষ্পত্তি হয়েছে ২০০ ডলারে। সে হিসাবে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের সর্বোচ্চ মূল্য ২৭ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। আমদানিমূল্যের সঙ্গে ৫ শতাংশ আমদানি শুল্ক, ১০ শতাংশ আমদানিকারকের পরিবহন খরচ, ১৫ শতাংশ হারে ব্যাংক সুদ, আমদানিকারকদের ২ শতাংশ মুনাফা, পাইকারি ব্যবসায়ীদের মুনাফা ও পরিবহন খরচ ৬ শতাংশ, প্রক্রিয়াকরণের ক্ষতি (প্রসেস লস) ৫ শতাংশ, ১৫ শতাংশ খুচরা ব্যবসায়ীর মুনাফা ও পরিবহন ব্যয় যোগ করেই এই দর নির্ধারণ করে ট্যারিফ কমিশন।তবে কমিশন মনে করে, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশেও এর প্রভাব পড়বে। কিন্তু সংকটকে পুঁজি করে দেশের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ বেশি।