ধর্মঘট প্রত্যাহার করলেন লুফথানসার বৈমানিকেরা
জার্মান বিমান সংস্থা লুফথানসার বৈমানিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করেছেন।চাকরির নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে বিমান সংস্থাটির প্রায় চার হাজার বৈমানিক গত সোমবার চার দিনের ধর্মঘট শুরু করেন। লুফথানসা, লুফথানসা কার্গো ও প্রতিষ্ঠানটির সাশ্রয়ী বিমান জার্মান উইংস—এই তিনটিতে কর্মরত বৈমানিকেরা ধর্মঘটে যোগ দেন। যে কারণে এর তিন হাজারের মতো ফ্লাইট বাতিল করা হয়।কর্তৃপক্ষের সঙ্গে বৈমানিকদের সংগঠন ককপিট ইউনিয়নের সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। কমপক্ষে আগামী ৯ মার্চ পর্যন্ত এ ধরনের আর কোনো ঘটনা ঘটবে না বলে জানায় ককপিট ইউনিয়ন।ককপিট ইউনিয়নের একজন মুখপাত্র জানান, ফ্রাঙ্কফুর্টের শিল্প আদালতে দুই ঘণ্টার শুনানির পর উভয়পক্ষ সমঝোতায় উপনীত হয়।তবে লুফথানসা কর্তৃপক্ষ বিকল্প উপায়ে যাত্রী পরিবহনের চেষ্টা করে। এ ক্ষেত্রে লুফথানসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে কর্মরত যেসব ব্যবস্থাপকের বিমান চালনার লাইসেন্স রয়েছে, তাঁদের দিয়ে কিছু উড়োজাহাজ উড্ডয়ন করানোর ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি জার্মানির অভ্যন্তরে ভ্রমণের জন্য যাঁরা টিকিট কেটেছিলেন তাঁদের জন্য ট্রেনে ভ্রমণের এবং জার্মানির বাইরে ভ্রমণকারীদের জন্য অন্য বিমানে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এভাবে তারা অবশ্য ৯৬০টি ফ্লাইট চালাতে সক্ষম হয়। তা সত্ত্বেও বৈমানিকদের ঘর্মঘটের কারণে বিশ্বব্যাপী সংস্থাটির অন্তত ১০ হাজার যাত্রীর যাত্রা বিঘ্নিত হয়েছে। লুফথানসা প্রতিদিন গড়ে এক হাজার ৮০০ ফ্লাইট পরিচালনা করে থাকে। এটি বিশ্বের অন্যতম বড় বিমানপ্রতিষ্ঠান এবং যাত্রী পরিবহনের দিক দিয়ে ইউরোপের বৃহত্তম। সূত্র: বিবিসি।