ধর্মঘটের ক্ষয়ক্ষতি হিসাব করবে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনারবাহী গাড়ির মালিক-শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে ৪ হাজার ৫৭৫ কনটেইনার পণ্য নির্ধারিত সময়ে রপ্তানি করা যায়নি। এসব কনটেইনারের সিংহভাগ পণ্যই তৈরি পোশাক খাতের। রপ্তানি না হওয়ায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খুঁজে বের করবে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএ কর্তৃপক্ষ গতকাল রোববার সদস্যদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রাইম মুভার ট্রেইলার পরিবহন ধর্মঘটের কারণে তৈরি পোশাকের কনটেইনার যথাসময়ে জাহাজীকরণ (শিপমেন্ট) হয়নি।
ধর্মঘটের কারণে যে ক্ষতি হয়েছে তার হিসাব আগামী ১০ দিনের মধ্যে প্রেরণ করতে হবে। এর মধ্যে ক্রয়াদেশ বাতিল, মূল্যছাড় ও উড়োজাহাজে পণ্য পাঠানোর ক্ষতি আলাদাভাবে দিতে হবে।
গত ১৬ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে গাড়িভেদে পণ্য পরিবহনের সীমা বেঁধে দেয়। এই প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে। তাতে সংগঠনের আওতাধীন আট হাজার গাড়িতে আমদানি-রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘট স্থগিত করে ঐক্য পরিষদ।
জানতে চাইলে গত রাতে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, কোনো সংগঠনেরই হুট করে ধর্মঘট ডাকা উচিত নয়। কারণ এতে যে আর্থিক ক্ষতি হয়, শেষ পর্যন্ত তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। সে জন্য সাম্প্রতিক এই ধর্মঘটের ক্ষয়ক্ষতির হিসাব কষে দেখতে চাই আমরা। যাতে ভবিষ্যতে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষ বা সংগঠন কর্মবিরতিতে যাওয়ার আগে বিষয়গুলো অনুধাবন করতে পারে।